Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

শহীদ মিনারে ফুল দিতে গিয়ে আ. লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৬:২৯ পিএম শহীদ মিনারে ফুল দিতে গিয়ে আ. লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন মুছাপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সোহেল (৪৫), সিরাজপুর ইউনিয়নের পশ্চিম মোহাম্মদ নগর গ্রামের সিরাজুল হক মঞ্জু (৩৫), একই গ্রামের হুমায়ুন কবির (৪০), মোহাম্মদনগর গ্রামের শেখ ফরিদ (৪০), চর হাজারী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের শরিয়ত উল্যাহ মিলন (৪৫) ও একই ওয়ার্ডের জাহাঙ্গীর আলম (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোম্পানীগঞ্জ উপজেলার ১০-১৫ জন নেতাকর্মী বসুরহাট বাজারের বিভিন্ন স্থানে জড়ো হন।
পরে তারা বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়ার প্রস্তুতি নিলে পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিম ৬ জনকে আটকের বিষয় নিশ্চিত করে জানান আটকদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিকভাবে তারা আওয়ামী লীগের সমর্থক বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Side banner