Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

আইনশৃঙ্খলা সভায় ওসিকে দুষলেন হাসনাত আবদুল্লাহ


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৪:৪৬ পিএম আইনশৃঙ্খলা সভায় ওসিকে দুষলেন হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় আইনশৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে দেবিদ্বার উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
সভায় উপস্থিত থাকা দেবিদ্বার থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানের সামনেই দেবিদ্বার থানার সেকেন্ড অফিসার মতিনকে করাপ্টেড এবং থানায় দালাল সিন্ডিকেটসহ বিভিন্ন গুরুতর অভিযোগ তোলেন এমপি হাসনাত আবদুল্লাহ।
হাসনাত আবদুল্লাহ ওসিকে উদ্দেশ্য করে বলেন, ওসি আন্তরিক থাকলেও ওনার অফিসাররা আন্তরিক না। ওনার সেকেন্ড অফিসার হচ্ছেন ফুললি করাপ্টেড। টাকা ছাড়া ওনার কোনো পা চলে না। আরেকজন হচ্ছেন এসআই ভবতোষ। টাকা ছাড়া উনি একটা পা মুভ করেন না। আপনি কাউকে ধরতে যাবেন, উনি থানা থেকে ফোন দিয়ে বলে দিলেন, আমরা আসতেছি। তাইলে তো এখানে একটা ফিলোসোফিং চোর-পুলিশ খেলা হয়।
সভায় ওসিকে উদ্দেশ্য করে হাসনাত আবদুল্লাহ বলেন, আপনার থানা আপনি চালান না। আপনার থানা চালায় হেলাল। আমি এখানে ফ্যাক্ট বেইজ কথা বলছি। একটাও না জেনে কথা বলছি না। আপনার থানা চালায় হেলাল, হেলালের বাবা আগে চাকরি করত। আপনি হয়তো বলতে পারেন এসব কথা আপনাদের লিগেল প্রসিড জানে না, এটা নাই, সেটা নাই। আপনাদের থানায় এ ঘটনাগুলো ঘটছে প্রতিদিন। হেলাল আপনার থানায় ঢুকতে পারবে না। আজকের পর থেকে আপনার থানা চালাবেন আপনি। আপনার পুলিশ অফিসার যারা আছেন, তারা চালাবেন। থানা যদি চালায় এমন একজন, যে পুলিশ না, যার এখানে কোনো চাকরি নাই, সে যদি থানা চালায়, কোনো মামলার রুজু হবে, কোন মামলা হবে না। কোনটা মামলা এজাহারভুক্ত হবে, কোনটা হবে না। আপনি আমাকে বলতে পারেন না এগুলো হয় না। এটা হচ্ছে ওনার থেকে একটা মৌখিক অ্যাপ্রুভাল নিয়ে তারপর থানায় যাইতে হয়।
তিনি বলেন, আমি যত সহজে আপনার কাছে যেতে পারি একটা ভুক্তভোগী স্বাভাবিকভাবে আপনার কাছে সেভাবে যেতে পারে না। আমি আপনার কাছে সহজে আসতে পারি, একটা গ্রামের স্বাভাবিক ভুক্তভোগী ওনার সম্পর্কে একটা ভয় কাজ করে। পুলিশ তার ভাবমূর্তি উদ্ধারের জন্য চেষ্টা করছে, আমরা সেটাকে এপ্রোসিয়েট করি। কিন্তু পুলিশের কাছে যাওয়ার আগেই এক ধরনের পুলিশ আছে। যারা হচ্ছে অচাকরিজীবী পুলিশ। এটা আপনি আপনার জায়গা থেকে দেখবেন। এটা আমি গত একটি বছর ব্যক্তিগত জায়গা থেকে দেখেছি। এখানে সাংবাদিকরা আছেন, একজন অস্বীকার করতে পারবে না যে এটা হচ্ছে না। তারা এসব বলে না। ওই যে হেলাল, দালাল চক্র চালাচ্ছে না থানায়? দালাল এবং মাদক সিন্ডিকেট চালাচ্ছে না হেলাল?
তিনি আরও বলেন, এই মিটিংয়ে যারা উপস্থিত আছে তাদের প্রত্যেকের একটা অথরিটি আছে এখানে আসার। কিন্তু হেলাল কোনো ক্রাইটেরিয়াতে আপনার চৌসীমানায় ঘুরে? আপনি সিরিয়াস অ্যাকশন নেবেন। থানাটাকে দালালমুক্ত করবেন। আপনার কাছে পৌঁছাতে হলে যেন স্বাভাবিক প্রক্রিয়া মেনটেইন করেই পৌঁছাতে পারে। এক্ষেত্রে যেন কোনো দালাল না থাকতে পারে। এক্ষেত্রে যেন একটা ইনফরমাল সিন্ডিকেট না থাকতে পারে। আপনার সঙ্গে মানুষের সম্পর্ক হবে একদম ডিরেক্ট সম্পর্ক। যেটা লিগ্যাল, সে জায়গায় আপনি কো-অপারেট করবেন। যেটা ইলিগেল সেখানে কারো সঙ্গে কো-অপারেট করার দরকার নাই।
ওসিকে অনুরোধ করে হাসনাত বলেন, গত একটা বছর আমি আমার জায়গা থেকে ইনভেস্টিকেট করেছি, সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি, সিভিল সোসাইটির সঙ্গে কথা বলেছি, আপনি এখানে দালালচক্র দিয়ে ঘিরে আছেন। আমরা চাই আপনাকে কো-অপারেট করতে। আমরা চাই একটা ল এন্ড অর্ডার সিচুয়েশন কার্যকর হোক।
এ সময় দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাকিবুল ইসলামের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Side banner