Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ২ চৈত্র ১৪৩২

কাউনিয়ায় ৫৪তম সমবায় দিবস উদযাপন


দৈনিক পরিবার | সাইদুল ইসলাম নভেম্বর ২, ২০২৫, ০৪:২৮ পিএম কাউনিয়ায় ৫৪তম সমবায় দিবস উদযাপন

‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো রংপুরের কাউনিয়ায়ও বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫। শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে আলোচনা সভা ও সমবায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা সমবায় অফিসার এ এইচ এম তারিকুল শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা হিসাবরক্ষণ অফিসার মো. নুহু মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আফসানা জাহান, এবং উপজেলা পল্লী দারিদ্র বিমোচন অফিসার মো. নুরুন্নবী।
এ সময় সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন মায়াবাজার কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. (মাকু)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আলীমুল রেজ্জা খান জুয়েল, কাউনিয়া উপজেলা শিক্ষক কর্মচারি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি হুমায়ুন কবীর তারা, স্বপ্ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান এডভোকেট আসাফ-উদ-দৌলা শাহীন, ৫ নং কাউনিয়া বালাপাড়া বণিক সমবায় সমিতি লিমিটেডের সদস্য মো. সাইফুর রহমান মুক্তা ও আকরাম হোসেন অরেঞ্জ প্রমুখ।
বক্তারা বলেন, সমবায় হলো জনগণের অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায়ের অন্যতম শক্তিশালী হাতিয়ার। তারা সবাইকে সমবায় আন্দোলনে যুক্ত হয়ে আত্মনির্ভরশীল সমাজ গঠনে অবদান রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে জাতীয় সমবায় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা, সম্মাননা প্রদান ও সমবায়ীদের প্রাণবন্ত স্লোগানে পুরো অডিটরিয়াম প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

Side banner