Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

ভারী বৃষ্টিতে কয়েক অঞ্চলে বন্যার শঙ্কা


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক জুলাই ১২, ২০২৬, ০৮:৫১ পিএম ভারী বৃষ্টিতে কয়েক অঞ্চলে বন্যার শঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় কয়েকটি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
রবিবার (১২ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহানের সই করা বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাসে এসব তথ্য জানা যায়।
পূর্বাভাসে বলা হয়, সাঙ্গু নদীর বান্দরবান ও দোহাজারী পয়েন্ট এবং কুশিয়ারা নদীর মারকুলি ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমেশ্বরী নদীর কলমাকান্দা পয়েন্টেও পানি বিপৎসীমা অতিক্রম করেছে।


আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগ ও ভারতের ত্রিপুরায় এবং পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগসহ সংলগ্ন উজানে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বর্তমানে কোনো লঘুচাপ নেই।
পূর্বাভাসে বলা হয়, কুশিয়ারা ও সুরমা নদীর পানি আরও বাড়তে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি এবং সুরমা তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
এ ছাড়া তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে রংপুর অঞ্চলের কয়েকটি জেলায় এবং সোমেশ্বরী ও ভুগাই-কংস নদীর পানি বেড়ে শেরপুর, নেত্রকোণা ও ময়মনসিংহের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা সৃষ্টি হতে পারে।
ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির মুহুরি, ফেনী, সেলোনিয়া ও হালদা নদীর পানি কিছু স্থানে বিপৎসীমা ছাড়িয়ে যেতে পারে। একই সময়ে লক্ষ্মীপুর ও নোয়াখালীর নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কমতে থাকায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে কেন্দ্রটি।

Side banner