Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
পুঁজিবাজার বিষয়ক প্রশিক্ষণ দিতে

জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিএএসএমের চুক্তি


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৩০, ২০২৫, ১২:৫৩ পিএম জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিএএসএমের চুক্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুঁজিবাজার বিষয়ক প্রশিক্ষণ দিতে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম) ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। 
এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে নন-ফাইনান্সিয়াল রিসোর্স শেয়ারিং এবং বিএরসএম অনলাইন-অফলাইন লাইব্রেরি অ্যাক্সেস আনুষ্ঠানিকভাবে শুরু হলো। বিএএসএমের মহাপরিচালক কামরুল আনাম খাঁন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ নুরুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
রবিবার (৩০ নভেম্বর) বিএএসএম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রফেসর ডক্টর মো. আবুদ দারদা, ডীন, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ এবং ব্যবসা প্রশাসন বিভাগের সভাপতি এস এম মুজাহিদুল ইসলাম (সহ স্বাক্ষরকারী)।
সমাপনী বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, এই সমঝোতা স্মারক উচ্চশিক্ষায় পুঁজিবাজারভিত্তিক বাস্তব জ্ঞান সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  জাতীয় বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর জন্য এটি একটি নতুন সুযোগ, যেখানে রিসোর্স শেয়ারিংয়ের মাধ্যমে দক্ষতা উন্নয়ন আরও সহজ হবে।
বিএএসএম মহাপরিচালক কামরুল আনাম খান বলেন, বর্তমান আর্থিক পরিবেশে জেনে বুঝে বিনিয়োগের গুরুত্ব অপরিসীম। নতুন প্রজন্ম যেন তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পারে ,এই চুক্তি সেই পথকে আরও সুদৃঢ় করবে। সচেতন বিনিয়োগ শিক্ষা ভবিষ্যতে একটি স্থিতিশীল আর্থিক সমাজ গঠনে সহায়ক হবে।
অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও সমন্বয় করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মো. সাইফুল ইসলাম এবং আয়োজক বিএএসএমের পক্ষ থেকে মো. সাদ্দাম হোসাইন খাঁন।

Side banner