Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

লালমনিরহাটে কাঁঠালের বাম্পার ফলনের সম্ভাবনা


দৈনিক পরিবার | মোঃ ‎মাসুদ রানা রাশেদ এপ্রিল ৭, ২০২৬, ০৬:২৪ পিএম লালমনিরহাটে কাঁঠালের বাম্পার ফলনের সম্ভাবনা

লালমনিরহাট জেলার গাছে গাছে ধরেছে জাতীয় ফল কাঁঠাল। কিছুদিন পরেই বাতাসে বইবে জাতীয় ফল পাকা কাঁঠালে মৌ মৌ গন্ধ। কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন-এ ও প্রোটিন রয়েছে। তাইতো জাতীয় এ ফলটি এ অঞ্চলে বেশ জনপ্রিয়।‎
‎জানা গেছে, কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল। গ্রীস্ম মৌসুমের একটি জনপ্রিয় ফল। বর্তমানে লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন ও ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভা এলাকার গাছে গাছে প্রচুর কাঁঠাল ধরছে। কাঁঠাল মাল্টিপারপাস উদ্ভিদ। কারণ ফল হিসেবে পাকা অবস্থায়, সবজি/ তরকারী হিসেবে কাঁচা অবস্থায় কাঁঠাল খুব সুস্বাদু খাবার। এছাড়া এ ফলটির অবশিষ্ঠাংশ পশু খাদ্য হিসেবে ব্যবহার হয়।‎
‎সরেজমিনে ঘুরে দেখা গেছে, লালমনিরহাট জেলার কৃষকেরা বিভিন্ন স্থানের অকৃষিজ পতিত জমি, পুকুর পাড়, কৃষি জমির সীমানা আইল, বাড়ির আশে-পাশে ও উঠানে কাঁঠাল গাছের চারা রোপণ করে থাকেন। কিন্তু বিগত বছরগুলিতে কাঁঠালের ব্যাপক উৎপাদন হওয়ায় এবং বাজারে এর চাহিদা বেড়ে যাওয়ায় অনেক চাষিরাই এখন ব্যাণিজ্যিক ভাবে কাঁঠালের চাষ শুরু করেছেন।‎
‎কাঁঠাল চাষি মোঃ হযরত আলী বলেন, আমার কয়েকটি কাঁঠাল গাছ আছে। ব্যাপক পরিমাণে কাঁঠাল ধরায় গতবারের চেয়ে বেশি ফলনের আশা করছি।‎
‎ফুলগাছ গ্রামের হরিপদ রায় হরি বলেন, কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল। এ ফলের সঙ্গে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য মিশে আছে। গ্রাম-গঞ্জে কাঁঠাল পাকার মৌসুমে আত্মীয়-স্বজনদের দাওয়াত করে কাঁঠাল খাওয়ানোর রেওয়াজ চালু রয়েছে।‎
‎উপ-সহকারী কৃষি অফিসার অপূর্ব বলেন, কাঁঠাল চাষের জন্য এ এলাকার মাটি ও আবহাওয়া অনেক উপযোগী। কৃষি বিভাগের পরামর্শ মেনে পরিচর্যা করলে এবং কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে কাঁঠালের বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে।

Side banner