Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

৫ মে থেকে বাজারে পাওয়া যাবে সাতক্ষীরার আম


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার এপ্রিল ২৬, ২০২৬, ০৭:৩০ পিএম ৫ মে থেকে বাজারে পাওয়া যাবে সাতক্ষীরার আম

দেশ-বিদেশের বাজারে ব্যাপক চাহিদা থাকা সাতক্ষীরার আমের গুণগত মান বজায় রাখা এবং অপরিপক্ব আম বাজারজাত ঠেকাতে নতুন বাজারজাতকরণ ক্যালেন্ডার ঘোষণা করেছে জেলা প্রশাসন। নির্ধারিত সময় অনুযায়ী আগামী ৫ মে থেকে জেলার বিভিন্ন জাতের আম বাজারে উঠতে শুরু করবে।
রবিবার (২৬ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সভায় জেলা প্রশাসক আফরোজা আখতার আনুষ্ঠানিকভাবে এ ক্যালেন্ডার ঘোষণা করেন। সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ ইকবাল আহমেদ, সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেন, আমচাষি সমিতির নেতা লিয়াকত আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও চাষি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সভায় জানানো হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ৫ মে থেকে বাজারে আসবে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোলাপখাস ও বৈশাখীসহ স্থানীয় জাতের আম। ১৫ মে থেকে বাজারজাত শুরু হবে হিমসাগর, ২৭ মে থেকে ল্যাংড়া এবং ৫ জুন থেকে আম্রপালি জাতের আম।
এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম বলেন, চাষিদের দাবি বিবেচনায় নিয়ে ল্যাংড়া ও আম্রপালি আম ভাঙার সময় সামান্য এগিয়ে আনা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যেই এসব আম পরিপক্ব হবে বলে আশা করা হচ্ছে। 
তিনি আরও বলেন, অপরিপক্ব আম ভাঙা ও বাজারজাত ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি থাকবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৫–২৬ মৌসুমে সাতক্ষীরায় মোট ৪ হাজার ১৪০ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি চাষ হয়েছে হিমসাগর, আম্রপালি ও ল্যাংড়া জাতের আম। জেলায় বর্তমানে নিবন্ধিত আম বাগানের সংখ্যা ৫ হাজার ২৯৯টি এবং সরাসরি আম চাষের সঙ্গে যুক্ত রয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ।

Side banner