পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরাসরি সহায়তার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আগামীর বাংলাদেশকে বদলে দেবে এই ফ্যামিলি কার্ড। ঈদের আগে কৃষি কার্ড ও মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের জন্যও রয়েছে কার্ড। সরকারের নির্বাচন অঙ্গীকারনামায় ৩১ দফা বাস্তবায়নে এটি অন্যতম পদক্ষেপ। আমাদের সময় দিন, সামনে আরো চমক আসবে।
মঙ্গলবার (১০ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের জন্য ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা অনুষ্ঠানে উপস্থিত থেকে সরকারের এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করেন। তারা বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে সুবিধাভোগীরা স্বল্প মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও আর্থিক সহায়তা পাবে, যা তাদের জীবনযাত্রায় উল্লেখযোগ্য সহায়তা হিসেবে প্রমাণিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ০৩ (সদর) আসনের এমপি মো. খালেদ হোসেন মাহবুব শ্যামল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক সংসদ সদস্য এম এ খালেক পিএসসি, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য অ্যাডভোকেট জিয়া উদ্দিন জিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ও সাধারণ সম্পাদক ভিপি এ কে এম মুসা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
ফ্যামিলি কার্ডপ্রাপ্ত এক নারী ইয়াসমিন উপকারভোগী বলেন, আমরা গরিব মানুষ। এই কার্ডের মাধ্যমে যে সহায়তা পাব, তা আমাদের সংসারের জন্য অনেক উপকারে আসবে। এতে আমার ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ চালাতে কিছুটা হলেও সহযোগিতা হবে।








































আপনার মতামত লিখুন :