Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর রহস্যজনক মৃত্যু


দৈনিক পরিবার | আব্দুর রহিম  এপ্রিল ২৫, ২০২৬, ০৮:০২ পিএম কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর রহস্যজনক মৃত্যু

চট্টগ্রাম থেকে প্রশিক্ষণ শেষে ঢাকায় ফেরার পথে নিখোঁজ হওয়া কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকার একটি হোটেলের পাশের ফুটপাত থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ।
নিহত বুলেট বৈরাগী কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামে ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণ করছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল তিনি সরকারি প্রশিক্ষণের জন্য চট্টগ্রামে যান। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে প্রশিক্ষণ শেষে চট্টগ্রামের অলঙ্কার মোড় থেকে বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। যাত্রাপথে পরিবারের সঙ্গে তার একাধিকবার মোবাইলে কথা হয়। সর্বশেষ রাত ২টা ২৫ মিনিটে তিনি জানান, তিনি কুমিল্লা নগরীর টমছমব্রিজ চৌরাস্তার মোড়ে পৌঁছেছেন।
এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে শনিবার সকালে তার বাবা সুশীল বৈরাগী কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি করার প্রায় এক ঘণ্টা পরই তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় বুলেট বৈরাগীর মুখমণ্ডল রক্তাক্ত অবস্থায় ছিল। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনাটি রহস্যজনক হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে।

Side banner