Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী-সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৩০


দৈনিক পরিবার | আন্তর্জাতিক ডেস্ক জুলাই ৮, ২০২৬, ০৮:৩৮ পিএম বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী-সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৩০

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে অন্তত ১৯ সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় তাদের সঙ্গে তীব্র গোলাগুলিতে নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য প্রাণ হারিয়েছেন।
নিরাপত্তা সূত্র জানিয়েছে, বুধবার এন-২৫ মহাসড়কের ঝাও ক্রস ও কারারো এলাকার মধ্যবর্তী স্থানে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামের ওই সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে এ অভিযান চালানো হয়। এ সময় দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ওই সশস্ত্র সন্ত্রাসীরা মহাসড়কে চলাচলকারী যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে চাঁদা আদায় করছিল। সংঘর্ষের পর আশপাশের এলাকায় সন্ত্রাসীদের খুঁজে বের করতে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।
জনজীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত এবং প্রদেশের মহাসড়কগুলোকে নিরাপদ রাখার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। একই সঙ্গে বেলুচিস্তানে শান্তি বিনষ্টের যেকোনো প্রচেষ্টার কঠোর জবাব দেওয়া হবে বলেও জানায় নিরাপত্তা বাহিনী।
এর আগে গত সোমবার গভীর রাতে বেলুচিস্তানের জিয়ারত জেলায় একটি পুলিশ চেকপোস্টে সশস্ত্র হামলায় অন্তত ৯ পুলিশ সদস্য নিহত হন বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

Side banner