Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বাঁচা-মরার ম্যাচের আগে মাঠে বিশেষ রাসায়নিক স্প্রে করছে ভারত


দৈনিক পরিবার | ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৩:৩৯ পিএম বাঁচা-মরার ম্যাচের আগে মাঠে বিশেষ রাসায়নিক স্প্রে করছে ভারত

চেন্নাইয়ের মাঠে সন্ধ্যার পর থেকে শিশির বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে—এমন আশঙ্কা ছিল আগেই। তাই জিম্বাবুয়ের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচের আগে বিকল্প ব্যবস্থা নিলো আয়োজক ভারত। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা বিশেষ এক রাসায়নিক ব্যবহার করা হচ্ছে এম এ চিদাম্বরম স্টেডিয়ামের আউটফিল্ডে। 
‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুযায়ী, ওই রাসায়নিকের নাম ‘ডিউ কিয়োর’। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ) আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে আউটফিল্ড নতুন করে বসানোর সময়ই যুক্তরাষ্ট্র থেকে এই রাসায়নিক আমদানি করে। যুক্তরাষ্ট্রের মেজর লিগ বেসবলের বিভিন্ন ভেন্যুতে এটি নিয়মিত ব্যবহার হয়।
মঙ্গলবার ও বুধবার দুপুরে আউটফিল্ডে পানি মিশিয়ে স্প্রে করা হয়েছে ‘ডিউ কিউর’। আজ (বৃহস্পতিবার) দুপুরেও একইভাবে স্প্রে করার পরিকল্পনা আছে, যাতে ম্যাচ শুরুর সময় পর্যন্ত এর পূর্ণ কার্যকারিতা পাওয়া যায়।
প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সূত্রের ভাষ্য, একবার স্প্রে করার পর ঘাসের পাতায় আর্দ্রতা জমতে পারে না। ভেজা ভাব তৈরি হলেই তা দ্রুত শোষিত হয় এবং ঘাস শুকনো হয়ে যায়। ফলে শিশির ম্যাচের ফল নির্ধারণে বড় প্রভাব ফেলতে পারে না। বুধবার দীর্ঘ অনুশীলন শেষে ভারতীয় ক্রিকেটাররাও মাঠে থেকে পরিস্থিতি পরীক্ষা করেন। জানা গেছে, উইকেট ও আউটফিল্ডের অবস্থা নিয়ে তারা সন্তুষ্ট।
আগামীতে সেমিফাইনাল ও ফাইনালেও ‘ডিউ কিউর’ ব্যবহার করা হতে পারে বলে জানা গেছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে আগামী মাসে আইপিএল শুরু হলে সব ভেন্যুতেই এটি বাধ্যতামূলক করার কথা ভাবছে বোর্ড। অতীতে শিশিরের কারণে ম্যাচের ফলাফলে বড় প্রভাব পড়েছে—এই অভিজ্ঞতা থেকেই এমন চিন্তা।

Side banner