Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

মেয়েকে ধর্ষণে বাধা দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার এপ্রিল ১৩, ২০২৬, ০৯:৫৩ পিএম মেয়েকে ধর্ষণে বাধা দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম

ভোলার মনপুরা উপজেলায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ও স্বর্ণালংকার লুটপাটে বাধা দেওয়ায় তার বাবাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূর বাবাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সর্বশেষ সোমবার (১৩ এপ্রিল) এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিরাজ নামে এক যুবককে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করেছে পুলিশ। গ্রেপ্তার যুবক মিরাজ একই গ্রামের বাসিন্দা মো. কামালের ছেলে।
পুলিশ জানায়, গত রবিবার বাদী হয়ে মনপুরা থানায় মামলা দায়ের করেছে ওই গৃহবধূ। অভিযোগের ভিত্তিতে মিরাজকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সোমবার দুপুরে গ্রেপ্তার যুবককে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়। 
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে উপজেলার হাজীর হাট ইউনিয়নের চর যতিন গ্রামের ওই গৃহবধূ ও তার বাবা ঘরে ঘুমাচ্ছিলেন। রাত ২টার দিকে স্থানীয় যুবক মিরাজসহ একটি সংঘবদ্ধ চক্র ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে ওই গৃহবধূকে শারীরিককভাবে নির্যাতন করে। তারা গৃহবধূ কাছে থাকা স্বর্ণালংকার লুট করে যাওয়ার সময় গৃহবধূর বাবা বাধা দিলে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এই ব্যাপারে মনপুরা থানার ওসি মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ভুক্তভোগীকে নিরাপদ হেফাজতে নিয়ে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মামলায় একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মিরাজকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Side banner