Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
মহাসড়ক ও উৎপাদন সচল রাখতে মাঠে ১০ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য

গাজীপুর-নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে স্বস্তি


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৯, ২০২৬, ১২:০৪ পিএম গাজীপুর-নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে স্বস্তি

সম্প্রতি শ্রমিক অসন্তোষের জেরে সহিংসতার অপচেষ্টা রুখতে সোমবার (৯ নভেম্বর ২০২৬) গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে মোতায়েন করা হয়েছে ১০ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য। গত ৪ ও ৬ নভেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ নিরাপত্তা অভিযানের ফলে ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল এখন সম্পূর্ণ স্বাভাবিক। পাশাপাশি গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে উৎপাদন সচল রয়েছে। 
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় গাজীপুরের ভোগড়া বাইপাস, মাওনা, গাছা, মৌচাক, সফিপুর বাজার,


চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, তেলিপাড়া, চান্দনা চৌরাস্তা ও সালনাসহ পর্যায়ক্রমে বিভিন্ন পয়েন্টে আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি), ঢাকা মহানগর আনসার ব্যাটালিয়ন ও মানিকগঞ্জ আনসার ব্যাটালিয়নের ৬ প্লাটুন সদস্য এবং নারায়ণগঞ্জের চাষাড়া, ফতুল্লা, বিসিক ও কাঁচপুরে নবাবগঞ্জ আনসার ব্যাটালিয়ন, গোপালগঞ্জ আনসার ও মাদারীপুর আনসার ব্যাটালিয়নের ৪ প্লাটুন সদস্য জনসাধারণের জানমালের সুরক্ষা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন।
মাঠপর্যায়ে জেলা প্রশাসনের বিজ্ঞ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ১০ জন কোম্পানি কমান্ডার/সার্কেল অ্যাডজুটেন্ট সরাসরি নির্দেশনা দিচ্ছেন। সার্বিক নিরাপত্তা ও তদারকিতে রয়েছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মোঃ আসাদুজ্জামান গণী এবং গাজীপুর ও নারায়ণগঞ্জের জেলা কমান্ড্যান্টগণ। এছাড়া গাজীপুরে উপ-পরিচালক রাফিউদ্দিন জাকারিয়া ও সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুস সামাদ এবং নারায়ণগঞ্জে সহকারী পরিচালক মোঃ শাহীন মিয়া সরাসরি সমন্বয় করছেন। 
পাশাপাশি তথ্য সরবরাহ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় নিয়োজিত রয়েছে বাহিনীর গোয়েন্দা ইউনিট এবং স্থানীয় আনসার-ভিডিপি স্বেচ্ছাসেবী সদস্যরা। অনান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যৌথ এই নিরাপত্তা ব্যবস্থার সুবাদে পোশাক কারখানাগুলোতে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন। ফলে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে উৎপাদন সচল রয়েছে এবং জনমনে স্বস্তি ফিরে এসেছে।

Side banner

জাতীয় বিভাগের আরো খবর