চট্টগ্রামের আনোয়ারায় তিন ফসলি কৃষিজমির মাটি কাটার হিড়িক পড়েছে। প্রশাসন বা জমির মালিকের অনুমতি ছাড়াই একটি চক্র দিনদুপুরে ভেকু (এক্সকাভেটর) দিয়ে এসব জমির মাটি কেটে নিচ্ছে। কাটা মাটি পুকুর ভরাট, স্থাপনা নির্মাণ এবং বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এতে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি মাটি বহনে ব্যবহৃত ট্রলি ও ট্রাক চলাচলের কারণে কাঁচা-পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে কর্ণফুলী থানাধীন উত্তর বন্দর শ্মশানের পাশে মো. সাইফুল আলমের ৩৮ শতক তিন ফসলি জমির মাটি কাটার অভিযোগে পুলিশ অভিযান চালায়। এ সময় একটি এক্সকাভেটর জব্দ করা হয় বলে জানান ফাঁড়ির ইনচার্জ মো. আবদুল্লাহ আল নোমান।
তিনি বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত সৈয়দ ও জহির পালিয়ে যান।জব্দ করা হয়েছে একটি এক্সকাভেটর। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জমির মালিক মো. সাইফুল আলম অভিযোগ করে বলেন, স্থানীয় সৈয়দ ও জহির নামের দুই ব্যক্তি জোরপূর্বক তার জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছেন। এ বিষয়ে তিনি সহকারী কমিশনার (ভূমি) ও থানা পুলিশকে লিখিতভাবে জানিয়েছেন।
অভিযুক্ত জহির দাবি করেন, তিনি শুধু গাড়ি ভাড়ায় দিয়েছেন। তবে জমির প্রকৃত মালিকের বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি।
স্থানীয় কৃষক ও বাসিন্দাদের অভিযোগ, প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে কৃষিজমি ও খাস জমি থেকে অবৈধভাবে মাটি কেটে নিচ্ছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে কৃষিজমি সংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।








































আপনার মতামত লিখুন :