Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৫ মে, ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

মেলান্দহে গণপিটুনিতে চোর নিহত


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার সেপ্টেম্বর ৬, ২০২৫, ০২:০৬ পিএম মেলান্দহে গণপিটুনিতে চোর নিহত

জামালপুরের মেলান্দহে চুরি করতে গিয়ে গণপিটুনিতে রিপন মিয়া (৪২) নামে একজন নিহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রেহাই পলাশতলা এলাকায় এ ঘটনা ঘটে। 
নিহত রিপন মিয়া একই এলাকার মোজাম্মেল মিস্ত্রীর ছেলে। তার বিরুদ্ধে চুরি, মাদক ও জুয়াসহ ৯টি মামলা রয়েছে। 
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্নেহাশিষ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৪টার দিকে চুরি করার জন্য রেহাই পলাশতলা এলাকার প্রয়াত কসর মন্ডলের ছেলে বুরহান উদ্দিনের ঘরে ঢুকে রিপন মিয়া। বিষয়টি বুঝতে পেরে বুরহান উদ্দিন ও তার পরিবারের লোকজন জেগে উঠে চিৎকার দেয়। এসময় তাদের প্রতিবেশীরা গিয়ে রিপন মিয়াকে আটক করে গণপিটুনি দেয়। ভোর ৫টার দিকে ঘটনাস্থলেই রিপন মিয়া মারা যান। খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
রিপন মিয়ার বিরুদ্ধে মেলান্দহ থানায় ৩টি চুরি, ৩টি মাদক, ১টি জুয়া ও জামালপুর সদর থানার ১টি প্রতারণা ও ১টি মাদক মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে।
স্থানীয় রবিউল ইসলাম বলেন, আগে থেকেই রিপন চুরি করতো। এর আগে সে জেলও খেটেছে। আজ চুরি করতে গিয়ে ধরা পড়ছিল। পরে মানুষ পিটিয়ে মেরে ফেলেছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্নেহাশিষ রায় বলেন, গণপিটুনিতে রিপন মিয়া নামে একজন নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Side banner