Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

‘ঘরের মধ্যে অদ্ভুত জাদু অনুভব করেছিলাম’


দৈনিক পরিবার | বিনোদন ডেস্ক মার্চ ৭, ২০২৬, ১২:৫৮ এএম ‘ঘরের মধ্যে অদ্ভুত জাদু অনুভব করেছিলাম’

রানি মুখার্জি তিন দশকেরও বেশি সময় ধরে রূপালি পর্দা শাসন করছেন অনন্য মহিমায়। ক্যারিয়ারের এই দীর্ঘ পথচলায় উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল ও কালজয়ী সিনেমা। তবে ‘মর্দানি ৩’ আসার ঠিক আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন, ‘কুছ কুছ হোতা হ্যায়’ কিংবা ‘ব্ল্যাক’-এর মতো সেই ম্যাজিক আর কোনোদিন তৈরি করা সম্ভব নয়।
সাক্ষাৎকারে রানির কথায় উঠে এসেছে ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়া ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর স্মৃতি। করণ জোহরের পরিচালনায় যখন ছবিটি মুক্তি পায়, তখন ‘টিনা’ চরিত্রটি ছিল আলোচনার কেন্দ্রে। সেই দিনগুলোর কথা মনে করে রানি বলেন, ‘করণ যখন আমায় গল্পটা শুনিয়েছিলেন, তখনই ঘরের মধ্যে একটা অদ্ভুত জাদু অনুভব করেছিলাম। ওর সততা আর গল্পের বুনন আমাকে মুগ্ধ করেছিল।’
রানি মনে করেন, ‘সাথিয়া’ ছবিতে তার অভিনীত স্বাধীনচেতা চরিত্রটি তরুণীদের খুব কাছের হয়ে উঠেছিল। কারণ, সেখানে ব্যক্তিগত জীবন ও পেশার ভারসাম্য রক্ষার লড়াই ছিল স্পষ্ট। অন্যদিকে ‘হাম তুম’-এর রিয়া চরিত্রটি বলিউডে নারী চরিত্রের সংজ্ঞা বদলে দিয়েছিল বলে মনে করেন তিনি। 
তার মতে, রিয়ার বুদ্ধিদীপ্ত প্রশ্নগুলো ছবির নায়ক সইফ আলি খানকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ জানাত, যা তৎকালীন বাণিজ্যিক ছবিতে বিরল ছিল। সব ছবির ভিড়ে সঞ্জয় লীলা বনশালির ‘ব্ল্যাক’ রানির কাছে আজও সবচেয়ে স্পেশাল। 
মিশেল ঢিলোঁর চরিত্রে তার অভিনয় আজও দর্শকদের শিহরিত করে। রানির কথায়, ‘আমি আর কখনও ওই জাদু নতুন করে তৈরি করতে পারব না।’ বনশালি যখন তাকে এই চরিত্রের প্রস্তাব দেন, রানি প্রথমে বিশ্বাসই করতে পারেননি যে তিনি এটি করতে পারবেন। এই ছবিটি তাকে জীবন সম্পর্কে কৃতজ্ঞ হতে শিখিয়েছে।

Side banner