Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

বিশ্বকাপ না খেলা ‘বড় ভুল’ ছিল বাংলাদেশের: সাকিব আল হাসান  


দৈনিক পরিবার | ক্রীড়া ডেস্ক     এপ্রিল ৩০, ২০২৬, ০৯:১৩ এএম বিশ্বকাপ না খেলা ‘বড় ভুল’ ছিল বাংলাদেশের: সাকিব আল হাসান  

নিরাপত্তা ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হয়নি বাংলাদেশ দলের। তবে বাংলাদেশকে অংশগ্রহণ করতে না দেওয়া ছিল অন্তর্বর্তী সরকারের একটি ‘ভুল সিদ্ধান্ত’বলে মন্তব্য করেছেন সাকিব আল হাসান। গত ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা উদ্বেগের কথা বলে ভারতে খেলতে যাওয়ার অনুমতি না দেওয়ায় বাংলাদেশের বদলে সুযোগ পায় স্কটল্যান্ড।
এটি ছিল ১৯৯৯ সালের পর প্রথমবার, যখন বাংলাদেশ কোনো বিশ্বকাপে অংশ নেয়নি। ইএসপিএন ক্রিকইনফোকে সাকিব আল হাসান বলেন, ‘এটা বড় ক্ষতি ছিল। বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা একটা বড় মিস। আমরা ক্রিকেটপ্রেমী জাতি। বিশ্বকাপে আমাদের খেলোয়াড়দের খেলতে দেখা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সরকারের পক্ষ থেকে অংশ না নেওয়ার সিদ্ধান্তটা ভুল ছিল।’


এমন পরিস্থিতির সূচনা হয় ইন্ডিয়ান প্রিমিয়ার (আইপিএল) লিগ থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড মোস্তাফিজুর রহমানকে বাদ দিলে। যা কিনা ভারত-বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে ঘটে। বিসিবি চেয়েছিল বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে, কিন্তু আইসিসি বোর্ড তা নাকচ করে।
তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল শুরুতে বলেছিলেন, বিসিবি সরকারের নির্দেশেই সিদ্ধান্ত নিয়েছে। তবে পরে তিনি অবস্থান বদলে দাবি করেন, বিসিবি স্বাধীনভাবেই সিদ্ধান্ত নিয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ভারতে না যাওয়ার সিদ্ধান্তে সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয় বিসিবি ও বিসিসিআইয়ের। তবে সাকিব আশা করছেন, ভবিষ্যতে এই সম্পর্ক উন্নত হবে। বিশেষ করে যদি ভারত ও বাংলাদেশ সাদা বলের সিরিজ খেলতে পারে। তিনি বলেন, ‘আমি মনে করি পরিস্থিতি ভালো হবে। যদি দুয়েকটি সিরিজ হয়। বাংলাদেশ ভারত সফর করে বা ভারত বাংলাদেশে আসে, তাহলে সম্পর্কের বরফ গলবে।’
বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান ২০২৪ সালের অক্টোবরের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি, তবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে থাকেন এবং ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ফেরেননি। তিনি ওই দলের সংসদ সদস্যও ছিলেন।

Side banner