ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ঐতিহ্যবাহী নয়নপুর মাঠে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে খাউরপুর স্পোর্টস ক্লাবের উদ্যোগে এক জমকালো ও মাদক বিরোধী ‘ব্রাজিল বনাম আর্জেন্টিনা’ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খাউরপুর গ্রামে জন্মগ্রহণকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী এবং স্থানীয় ক্রীড়ামোদী যুবসমাজ একত্রিত হয়ে এই ব্যতিক্রমী ম্যাচটির আয়োজন করে। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রেখে সুস্থ ধারার বিনোদনে ফিরিয়ে আনাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
ব্রাজিল দলের অধিনায়ক মো. ফরহাদ হোসেনের টিম এবং আর্জেন্টিনা দলের অধিনায়ক মো. রাকিবুল হাসানের টিমের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় এই খেলায় আর্জেন্টিনা দলকে ৩-২ গোলে হারিয়ে জয়লাভ করে ব্রাজিল দল। মাঠের চারপাশ জুড়ে শত শত দর্শক উপস্থিত হয়ে টানটান উত্তেজনার এই খেলাটি উপভোগ করেন। ম্যান অফ দ্যা ম্যাচ হয় ব্রাজিল দলের দুর্দান্ত ডিফেন্ডার সালাম!

খেলা শেষে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমানত শাহ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা জনাব আব্দুস সাত্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সহকারী এটর্নি জেনারেল অ্যাডভোকেট মীর আব্দুল হালিম।
পুরস্কার বিতরণের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে সহকারী এটর্নি জেনারেল অ্যাডভোকেট মীর আব্দুল হালিম খাউরপুর, হোগলাকান্দি ও রূপসদী ইউনিয়নসহ আশেপাশের এলাকায় মাদকের অপপ্রয়োগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, “মাদক একটি সমাজ ও যুবসমাজকে ধ্বংস করে দেয়। আমাদের সন্তানদের এই অন্ধকার পথ থেকে বাঁচাতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খাউরপুর স্পোর্টস ক্লাব যেভাবে যুবসমাজকে একত্রিত করে মাদকের বিরুদ্ধে এই সচেতনতামূলক ম্যাচের আয়োজন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। খাউরপুর, হোগলাকান্দি এবং রূপসদী ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে হবে, যেন কোনো তরুণ আর পথ না হারায়।”

অনুষ্ঠানে ‘গেস্ট অফ অনার’ হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঢাকা ৬১ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব আলহাজ্ব মোঃ শুক্কুর আলী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোঃ মহিউদ্দিন বিশ্বাস উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
সভাপতির বক্তব্যে আমানত শাহ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা আব্দুস সাত্তার উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীতেও মাদক মুক্ত সমাজ গঠনে তরুণদের পাশে থাকার এবং এ ধরনের সুস্থ ক্রীড়া চর্চা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।








































আপনার মতামত লিখুন :