Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

বাড়িতে পপ তারকা রিহানা, চলল ১০ রাউন্ড গুলি


দৈনিক পরিবার | বিনোদন ডেস্ক মার্চ ৯, ২০২৬, ০৮:৪৫ পিএম বাড়িতে পপ তারকা রিহানা, চলল ১০ রাউন্ড গুলি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পপ সুপারস্টার রিহানার লস অ্যাঞ্জেলেসের বাসভবনে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় গায়িকা সশরীরে বাড়ির ভেতরেই অবস্থান করছিলেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩০ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  
রবিবার স্থানীয় সময় দুপুর সোয়া ১টার দিকে বেভারলি হিলস এলাকায় এ ঘটনা ঘটে। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি) জানিয়েছে, একটি সাদা টেসলা গাড়ি থেকে রিহানার বাড়ি লক্ষ্য করে প্রায় ১০ রাউন্ড গুলি ছোড়া হয়। এর মধ্যে একটি গুলি বাড়ির দেয়াল ভেদ করে ভেতরে ঢুকে যায়। 
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নারীকে হেফাজতে নেয় এবং একটি অস্ত্র উদ্ধার করে। তবে এ ঘটনায় রিহানা বা অন্য কেউ হতাহত হননি। লস অ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে, এলএপিডি-র ডাকাতি ও হত্যা বিভাগ বর্তমানে বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত করছে।
একটি সূত্র জানিয়েছে, ৩৮ বছর বয়সী রিহানা তার সঙ্গী র‌্যাপার এএসএপি রকি এবং তাদের তিন সন্তান- আরজেডএ, রায়ট ও রকির সঙ্গে এই বাড়িতে বসবাস করেন। ঘটনার সময় রিহানা ছাড়া পরিবারের অন্য সদস্যরা সেখানে ছিলেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি। তবে রিহানা বর্তমানে সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন বলে জানানো হয়েছে।
বিশ্বের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী রিহানা এ পর্যন্ত ২৫ কোটি ইউনিটের বেশি রেকর্ড বিক্রি করেছেন। ক্যারিবীয় ঘরানার গান দিয়ে ক্যারিয়ার শুরু করলেও ‘গুড গার্ল গন ব্যাড’ অ্যালবামের মাধ্যমে তিনি আন্তর্জাতিক তারকাখ্যাতি পান। 
তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘আম্ব্রেলা’, ‘টেক আ বো’ এবং ‘ডিস্টার্বিয়া’। এছাড়া ‘লাভ দ্য ওয়ে ইউ লাই’ ও ‘দ্য মনস্টার’-এর মতো বিশ্বখ্যাত গানেও তিনি কণ্ঠ দিয়েছেন।

Side banner