Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

কেশবপুরে জেলি-সয়াবিন তেল-সোডা মিশিয়ে দুধ তৈরি


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার মার্চ ৯, ২০২৬, ০৮:১০ পিএম কেশবপুরে জেলি-সয়াবিন তেল-সোডা মিশিয়ে দুধ তৈরি

যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামে অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ ভেজাল দুধ উৎপাদনকারী চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গরুর দুধে জেলি, সয়াবিন তেল এবং সোডা মিশ্রিত করে বিষাক্ত ভেজাল দুধ তৈরির অপরাধে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও আর্থিক জরিমানা প্রদান করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) পাথরঘাটা ঘোষপাড়ায় র‌্যাব-৬ (সিপিসি-৩) এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ক্যাম্প কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স। মোবাইল কোর্ট পরিচালনা করেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন যশোর ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতে পাঁচজনকে এক বছর করে কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন- অরুপ ঘোষ, রামপ্রসাদ ঘোষ, বুদ্ধদেব ঘোষ, মিলন ঘোষ ও স্বপন ঘোষ। এছাড়া পার্থ ঘোষকে তিন মাসের জেল ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে সাজা প্রদান করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
অভিযান চলাকালীন কারখানা থেকে বিপুল পরিমাণ জেলি, তেল, সোডা এবং ভেজাল দুধ তৈরির অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত এসব ক্ষতিকারক উপকরণ জনসম্মুখে বিনষ্ট করা হয়েছে।
অভিযান শেষে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন বলেন, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দুধে জেলি ও রাসায়নিক মিশিয়ে যারা সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে, তাদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান বজায় থাকবে।

Side banner