Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

চসিকই শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ করে: মেয়র শাহাদাত


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক আগস্ট ২১, ২০২৫, ০৭:১১ পিএম চসিকই শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ করে: মেয়র শাহাদাত

দেশের সিটি করপোরেশনগুলোর মধ্যে একমাত্র চসিকই শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক বিনিয়োগ করে থাকে উল্লেখ করে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্তমানে চসিকের ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৬৫ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। প্রতি বছর এ খাতে যে ভর্তুকি দেওয়া হয় সেটিকে ব্যয় নয়, বরং বিনিয়োগ হিসেবে দেখি। প্রতি মাসে চসিককে ছয় থেকে আট কোটি টাকা শিক্ষা খাতে ব্যয় করতে হয়।  
বৃহস্পতিবার (২১ আগস্ট) কাজীর দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ৬২৫ জন এসএসসি পরীক্ষায় ভালো ফল অর্জনকারী শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন। 
তিনি বলেন, দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীরা স্থানীয় সমস্যার সমাধান উদ্ভাবন ও মানুষের জীবনমান উন্নয়নে উদ্যোগী হলে দেশের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়ে উঠবে। শুধু মেধাবী শিক্ষার্থী তৈরি করলেই হবে না; তাদের দেশেই ধরে রাখতে হলে জীবনমান উন্নয়নে সরকারি পর্যায়ে কার্যকর উদ্যোগ নিতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য চট্টগ্রামকে ক্লিন, গ্রিন ও হেলদি সিটি হিসেবে গড়ে তুলতে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে।
মেয়র বলেন, শিক্ষার মাধ্যমে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে তারা ভবিষ্যতে চট্টগ্রাম ও সর্বোপরি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য আমি শিক্ষা খাতে বিনিয়োগ অব্যাহত রাখব। শিক্ষা এমন একটি ক্ষেত্র, যেখানে বিনিয়োগ করলে একটি আলোকিত সমাজ গড়ে তোলা সম্ভব।  
অনেক মেধাবী শিক্ষার্থী বিদেশে গিয়ে আর ফিরে আসে না। এতে দেশ তাদের মেধা ও দক্ষতা থেকে বঞ্চিত হয়। তাই দেশের জীবনমান উন্নয়নে সরকারি উদ্যোগ আরও বাড়াতে হবে, যাতে তারা দেশের ভেতরেই নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে আগ্রহী হয়। শিক্ষার্থীদের জন্য গবেষণা ও উদ্ভাবনী কাজে সুযোগ বাড়াতে হবে। স্থানীয় সমস্যার স্থানীয় সমাধান বের করার মাধ্যমে দেশের উন্নয়নে তরুণ সমাজকে যুক্ত করতে হবে।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ (বিপিএম), মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহমদ, চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম, চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন। স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা। এ সময় চসিকের শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার, সমাজকল্যাণ ও সংস্কৃতি কর্মকর্তা মামুনুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।   

Side banner

জনপ্রতিনিধি বিভাগের আরো খবর