Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের মতো কিছু দেখছি না


দৈনিক পরিবার | ‎নিজস্ব প্রতিবেদক জুলাই ২৬, ২০২৬, ০২:১৮ পিএম সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের মতো কিছু দেখছি না

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে বর্তমানে সরকার আমলে নেওয়ার মতো কোনো অভিযোগ দেখছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের মতো কিছু দেখছি না। আইন অনুযায়ী তিনি যেসব সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারী, সবই পাবেন। নিরাপত্তাও পাবেন।
রবিবার (২৬ জুলাই) সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাবেক রাষ্ট্রপতির গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলনের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিকভাবে মানুষের কথা বলার ও প্রতিবাদ করার স্বাধীনতা রয়েছে। তবে সরকার আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য সেখানে দেখছে না।
তিনি আরও বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি দায়িত্ব পালনকালে সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন। স্বৈরাচারের শেষ সময়, অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের সময়েও তিনি সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করেছেন এবং সরকার তাঁর সহযোগিতা পেয়েছে।’
রাষ্ট্রপতির সাংবিধানিক দায়মুক্তির বিষয়টি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দায়িত্ব পালনকালে সংবিধান অনুযায়ী তাঁর ইমিউনিটি ছিল। তবে দায়িত্বের বাইরের কোনো সময়ের বিষয়ে কারও অভিযোগ থাকলে তা আইন অনুযায়ী নিষ্পত্তি হবে।’
রাষ্ট্রপতির কথিত ফোনালাপের অডিও প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি সংবাদমাধ্যমে দেখেছেন, তবে সরকারের কাছে এ ধরনের কোনো তথ্য নেই। তিনি মন্তব্য করেন, বর্তমান ইন্টারনেটের যুগে কারও সঙ্গে কথা বলতে লন্ডনে যেতে হয়, এ দাবি তাঁর কাছে অলীক মনে হয়।
সাবেক রাষ্ট্রপতির নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন অনুযায়ী তিনি সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন। এসএসএফ ও পিজিআরের নিরাপত্তা ছয় মাস পর্যন্ত বহাল থাকবে। পাশাপাশি পুলিশ ও অন্যান্য সংস্থাও প্রয়োজনীয় নিরাপত্তা দেবে।
এলডিপির এক নেতার ‘তিন রাজনৈতিক দল এক হলে সরকার এক সপ্তাহও টিকবে না’ এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এক সপ্তাহ পরে কী হয় দেখি। সব বিষয়ে মন্তব্য করার জন্য তিনি লায়েক নন।’
সিলেট সীমান্তে রাজনৈতিক ছত্রচ্ছায়ায় চোরাচালানের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের কোনো অভিযোগ তাঁর কাছে নেই। অভিযোগ পাওয়া গেলে সরকার অবশ্যই তা তদন্ত করবে।
সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রার দিন মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় ধর্মীয় কোনো উদ্দেশ্য ছিল কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকার বিষয়টিকে সে দৃষ্টিতে দেখছে না। তিনি বলেন, রথযাত্রা ও উল্টো রথ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করেছে। ঘটনাক্রমে ওই দিন ডিভাইসটি পাওয়া গেছে। এর সঙ্গে ধর্মীয় অনুষ্ঠানের কোনো সম্পর্ক আছে বলে তিনি মনে করেন না।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, আনসার সদস্যদের সতর্কতায় ডিভাইসটি শনাক্ত হয়। পরে পুলিশ এলাকা ঘিরে রাখে এবং বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করে। এ ঘটনায় দায়িত্বশীল আনসার সদস্যদেরও পুরস্কৃত করা হবে।
ঢাকার একটি হোটেলে মার্কিন গোয়েন্দা সংস্থার সাবেক এক কর্মকর্তার অবস্থান সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই। বিষয়টি জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে দুবাই থেকে ফিরিয়ে আনার বিষয়ে সালাহউদ্দিন আহমদ জানান, রেড নোটিশ জারির জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে। প্রথম দফায় চাওয়া কাগজপত্র নির্ধারিত সময়ের আগেই পাঠানো হয়েছে। পরে আদালত থেকে আরও কিছু তথ্য চাওয়া হয়েছে, সেগুলোও এক-দুই দিনের মধ্যে পাঠানো হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল ও অবৈধভাবে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে রাষ্ট্রীয় বাহিনীকে অপব্যবহার করা হয়েছিল। বর্তমান সরকার সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে জনসেবামূলক কর্মকাণ্ডে আইনশৃঙ্খলা বাহিনীকে উৎসাহিত করছে। ভালো কাজের স্বীকৃতি দিলে বাহিনীর সদস্যরা আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে জনগণের সেবায় উৎসাহিত হবেন।
অনুষ্ঠানে দুই ট্রাফিক সার্জেন্টের ছিনতাইকারী গ্রেপ্তার করে মালামাল উদ্ধার এবং এক প্রবাসীর হারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধার করে সময়মতো বিমানবন্দরে পৌঁছে দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের আর্থিক পুরস্কার ও সনদ দেওয়া হয়।
এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা তাদের সারা জীবনের স্বীকৃতি হিসেবে থাকবে। তারা উপলব্ধি করছে, জনসেবামূলক কাজ করলে রাষ্ট্র তাদের সম্মান দিচ্ছে। এতে পরিবারের সম্মান বাড়বে, সমাজে মর্যাদা বাড়বে। ফলে তারা আরও উৎসাহিত হবে।
এ বছরের পুলিশ সপ্তাহে কেন পুলিশ পদক দেওয়া হয়নি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পদক প্রদানের তালিকা তড়িঘড়ি করে প্রস্তুত করায় যাচাই-বাছাইয়ে কিছু ত্রুটি ও কয়েকটি ক্ষেত্রে অনিয়ম ধরা পড়েছে। যাচাই শেষে তালিকা বিশুদ্ধ করে পদক দেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পুরস্কার-সংক্রান্ত ফাইলটি বর্তমানে তাঁর দপ্তরে রয়েছে এবং দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Side banner