Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

মেঘনা সেতু নির্মাণ সরকারের শীর্ষ অগ্রাধিকার: জোনায়েদ সাকি


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৯:৫২ পিএম মেঘনা সেতু নির্মাণ সরকারের শীর্ষ অগ্রাধিকার: জোনায়েদ সাকি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, কড়িকান্দি-বিষনন্দী ঘাটে মেঘনা সেতু নির্মাণ সরকারের অন্যতম শীর্ষ অগ্রাধিকার পাবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ সেতু বাস্তবায়িত হলে বাঞ্ছারামপুরসহ আশপাশের অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এক গণসংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী হিসেবে অংশ নেন।


বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি এম এ খালেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি এ কে এম মুসা।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল ইসলাম ভূইয়া এবং বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
বক্তব্যে প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি আরও বলেন, সুন্দর ও শান্তিপূর্ণ বাঞ্ছারামপুর গড়ে তুলতে আমরা সবাই একসঙ্গে কাজ করবো। তিনি উন্নয়ন কর্মকাণ্ডে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
গণসংবর্ধনা ও ইফতার মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Side banner