Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

আইনি শর্তে কানাডায় টিকটক চলবে


দৈনিক পরিবার | তথ্যপ্রযুক্তি ডেস্ক মার্চ ১১, ২০২৬, ০২:৫১ এএম আইনি শর্তে কানাডায় টিকটক চলবে

জাতীয় নিরাপত্তা পর্যালোচনা শেষ করে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটক–কে কানাডায় কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে কানাডা সরকার।
সোমবার এক বিবৃতিতে দেশটির শিল্পমন্ত্রী মেলানি জোলি জানান, নির্দিষ্ট কিছু আইনি শর্ত মেনে টিকটক কানাডায় তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির বিনিয়োগ পরিকল্পনাও এগিয়ে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
কানাডা সরকার জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে দেশটিতে কর্মসংস্থান বজায় থাকবে। টিকটক কানাডায় তাদের কার্যক্রম অব্যাহত রাখবে এবং সাংস্কৃতিক খাতে বিনিয়োগের প্রতিশ্রুতিও দিয়েছে।
এর আগে ২০২৪ সালের নভেম্বরে জাতীয় নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে টিকটকের ব্যবসা বন্ধ করার নির্দেশ দেয় কানাডার শিল্প মন্ত্রণালয়। তবে গত জানুয়ারিতে দেশটির ফেডারেল আদালত সেই সিদ্ধান্ত বাতিল করে এবং সরকারকে বিষয়টি পুনরায় পর্যালোচনার নির্দেশ দেয়।
নতুন সমঝোতার অংশ হিসেবে কানাডীয় ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে টিকটক। এর মধ্যে রয়েছে উন্নত নিরাপত্তা ব্যবস্থা ও গোপনীয়তা সুরক্ষা প্রযুক্তি। যাতে ব্যবহারকারীর তথ্য অননুমোদিতভাবে ব্যবহারের ঝুঁকি কমানো যায়।
এ ছাড়া অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের সুরক্ষায়ও বাড়তি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সরকার। তথ্য সুরক্ষা ব্যবস্থাগুলো কার্যকর আছে কি না, তা পর্যবেক্ষণের জন্য একটি স্বাধীন তৃতীয় পক্ষকে দায়িত্ব দেওয়া হবে।
টিকটক চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটড্যান্স এর মালিকানাধীন। অভিযোগ রয়েছে, ব্যবহারকারীর তথ্য সংগ্রহ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় কানাডাসহ বিভিন্ন দেশ অ্যাপটির কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরেই নজরদারি করছে।

Side banner