জীবনে শেষবারের মত ভোট চেয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। আবেগ জড়িত কণ্ঠে ধানের শীষ প্রতীকের প্রার্থী বলেন, “আপনাদের দোয়ায় আমি বেঁচে এসেছি। ফ্যাসিস্ট হাসিনার আমলে বছরের পর বছর নিজের বাড়িতে আসতে পারি নাই।
“আমার বয়স হয়ে গেছে। হয়ত জীবনে আর আপনাদের কাছে ভোট চাইতে পারব না। আমার জীবনের শেষ ভোট আপনাদের কাছে চাইছি।”
বিকালে কিশোরগঞ্জের ইটনা উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।
ফজলুর রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে সত্য ও ন্যায়ের জয় হবে। সারাদেশে ধানের শীষের জয় হবে। সেইসঙ্গে ভোটকেন্দ্রে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এ সময় দীর্ঘ রাজনৈতিক জীবনে সঙ্গে থাকা স্থানীয় জনগণকে ধন্যবাদ জানান ধানের শীষ প্রতীকের এ প্রার্থী।
ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা সাধারণ সম্পাদক সিদ্দীক ঠাকুর স্বপনের পরিচালনায় জনসভায় কিশোরগঞ্জ-৪ আসনের নির্বাচনি এলাকার ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।








































আপনার মতামত লিখুন :