Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার মার্চ ২, ২০২৬, ১০:০৭ পিএম ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

ঢাকার ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতির সময় তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার (১ মার্চ) হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন ডিবি (উত্তর) শাখার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম।
এর আগে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ঢুলিভিটা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আব্দুল করিম ওরফে আব্দুল করিম মুন্সি (৫০), মো. সাদ্দাম হোসেন (৩০) ও মো. মহসিন ওরফে সুন্দর আলী (৪৫)। তাদের মধ্যে আব্দুল করিমের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলায়, সাদ্দাম হোসেনের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলায় এবং মহসিনের বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলায়। বর্তমানে তারা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য এবং অভিযানের সময় তাদের হেফাজত থেকে একটি পুরোনো গোল্ডেন রঙের প্রাইভেট কার জব্দ করা হয়। যার নম্বর ঢাকা মেট্রো-গ-১২-৯৪৫৪। এ ছাড়া উদ্ধার করা হয়েছে একটি বড় কাটার, একটি ধারালো ছুরি, একটি স্টিলের রেঞ্চ, একটি হাতুড়ি এবং কালো টেপ মোড়ানো একটি লোহার পাইপ। এসব সরঞ্জাম ডাকাতির কাজে ব্যবহারের প্রস্তুতি হিসেবে রাখা হয়েছিল।
ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশের অপরাধসংক্রান্ত তথ্যভান্ডার (পিসিপিআর) পর্যালোচনায় দেখা গেছে, আব্দুল করিমের বিরুদ্ধে ১৬টি, সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ৬টি এবং মহসিনের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে চুরি, ডাকাতি ও মাদকসংক্রান্ত অভিযোগ রয়েছে।
ডিবি (উত্তর) শাখার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, এ ঘটনায় ধামরাই থানায় মামলা করা হয়। পরে রোববার (১ মার্চ) তাদের আদালতে পাঠানো হয়েছে।

Side banner