কুমিল্লা ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে, পুলিশ লাঠিচার্জ করে এবং কয়েকজন শ্রমিককে আটক করা হয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা।

খবর পেয়ে হাইওয়ে পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানান। তবে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ লাঠিচার্জ করলে কয়েকজন শ্রমিক আহত হন এবং ঘটনাস্থল থেকে একাধিক শ্রমিককে আটক করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, সেনাবাহিনী, হাইওয়ে ও জেলা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানালে আন্দোলনকারীদের একাংশ পুলিশের ওপর হামলা চালায় বলে জানা যায়। এতে পুলিশ পুনরায় লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুপুর পৌনে ১২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার শাহিনুর আলম খান জানান, অবরোধের কারণে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং সম্পূর্ণ স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।
-20260407122452.jpg)







































আপনার মতামত লিখুন :