Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৪ মার্চ, ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

শ্রীপুরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, থানায় জিডি


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার মার্চ ৪, ২০২৬, ১২:০৯ পিএম শ্রীপুরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, থানায় জিডি

মাগুরার শ্রীপুর উপজেলায় ভিজিএফ চালের উপকারভোগী তালিকা প্রণয়নকে কেন্দ্র করে ইউপি সদস্যের ওপর হামলার ঘটনা ফেসবুকে পোস্ট করায় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে।
বুধবার (৪ মার্চ) ভুক্তভোগী সাংবাদিক শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহিন মিয়া। এর আগে সোমবার উপজেলার গোয়ালদা বাজার এলাকায় রাত সাড়ে ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার ওই সাংবাদিকের নাম বিকাশ বাছাড়। তিনি মাগুরা রিপোর্টার্স ইউনিটির শ্রীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং দৈনিক আমার বার্তা পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি।
জানা গেছে, বিকাশ বাছাড় দারিয়াপুর ইউনিয়নে ভিজিএফ কার্ড বিতরণ সংক্রান্ত বিরোধ ও এক ইউপি সদস্যের ওপর হামলার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে পোস্ট করেন। বিষয়টি জানার পর দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদীপ সাংবাদিক বিকাশ বাছাড় ও তার সহকর্মী সাংবাদিক মুজাহিদ শেখকে মোবাইল ফোনে ডেকে গোয়ালদা বাজারে আসতে বলেন।
পরবর্তীতে তারা মোটরসাইকেলযোগে গোয়ালদা বাজারে পৌঁছালে চর-গোয়ালদা ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফরমান খানের দোকানের সামনে মতিউর রহমান বাবু, তার ছোট ভাই আকিদুল ইসলাম আখির এবং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল বিশ্বাস সাংবাদিক বিকাশ বাছাড়ের ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ করা হয়। 
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে পরিবারের সঙ্গে পরামর্শ করে তিনি শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে দারিয়াপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দিলীপ কুমার মজুমদার ৮০টি ভিজিএফ কার্ড বরাদ্দ পান। অভিযোগ রয়েছে, তিনি এর মধ্যে ৪০টি কার্ড ওয়ার্ড সভাপতির কাছে এবং কয়েকটি কার্ড স্থানীয় রাজনৈতিক নেতাদের প্রদান করেন। বিষয়টি নিয়ে সোমবার সকালে চর-গোয়ালদাহ এলাকায় ইউপি সদস্য দিলীপ কুমারের সঙ্গে স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবুর  বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই ইউপি সদস্যকে বেধড়ক মারধর করে বিএনপি নেতা বাবু। এ বিষয়ে ইউপি সদস্য দিলীপ কুমার শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অভিযুক্ত মতিউর রহমান বাবুর বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া  বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Side banner