নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, ভোলা জেলার চারটি আসনে নৌবাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে। আমাদের সঙ্গে রয়েছে কোস্টগার্ড, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার। আমরা সবাই মিলে চমৎকার একটি সমন্বয়ের মাধ্যমে প্রশাসনকে সহায়তা করে যাচ্ছি, নির্বাচন কমিশন যাতে একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে সক্ষম হয়। সেজন্য আমরা আমাদের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছি।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোলার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে নৌবাহিনীর ভোলা কন্টিনজেন্টে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
নৌবাহিনী প্রধান বলেন, জেলা প্রশাসক পুলিশ সুপারসহ প্রশাসন এবং অন্যান্য বাহিনীর কর্মকর্তাবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছি। সবার কাছ থেকে জানতে পেরেছি প্রশাসন এবং সব আইনশৃঙ্খলা বাহিনী মিলে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা একটি সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ভোলা জেলায় অনুষ্ঠানের লক্ষ্যে সম্পূর্ণভাবে প্রস্তুত।
নৌবাহিনী প্রধান আরও বলেন, আমরা শুধু এটাই নিশ্চিত করবো, একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুতি যেন গৃহীত হয় এবং মূল কাজটি করবে নির্বাচন কমিশনের কর্মকর্তাবৃন্দ। ভোটগননা শেষ হওয়া এবং ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত এবং ফলাফল-পরবর্তী যেন আইনশৃঙ্খলা পরিপন্থি কোনো কর্মকাণ্ড না হয় সেজন্য আমরা সবাই মিলে প্রস্তুত থাকবো।
সাংবাদিককের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন ও গণভোটে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এজাবৎ যেভাবে দায়িত্বশীলতার সঙ্গে সহযোগিতার মনোভাব দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন একইভাবে নির্বাচন ও নির্বাচন-পরবর্তী সময়ে আমাদেরকে সহযোগিতা করবেন এটাই আশা করি।
এ ছাড়া, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, দুর্গম এলাকার ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তায় বিশেষ জলযান এবং হেলিকপ্টার নিয়োজিত থাকবে। ভোটের নিরাপত্তায় নৌবাহিনী এবং বিমান বাহিনীর হেলিকাপ্টার জরুরি প্রয়োজনে ব্যবহার করা হবে।
এরআগে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ভোলার বিভিন্ন ভোটকেন্দ্র এবং নৌবাহিনীর কন্টিনজেন্ট পরিদর্শন করেন। এ সময় ভোলা জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।








































আপনার মতামত লিখুন :