Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

মালদ্বীপে ১০ তলা ভবন থেকে পড়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু


দৈনিক পরিবার | প্রবাস ডেস্ক এপ্রিল ১২, ২০২৬, ১২:০৮ পিএম মালদ্বীপে ১০ তলা ভবন থেকে পড়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

মালদ্বীপের রাজধানী মালের একটি ১০ তলা আবাসিক ভবনের ছাদ থেকে পড়ে হানজালা (৩০) নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) রাত ২টার দিকে বিষয়টি নিশ্চিত করে স্থানীয় বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান। 
নিহত হানজালা বাংলাদেশের চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের আবদুল সামাদের ছেলে।


প্রবাসী বাংলাদেশি সূত্র ও হাইকমিশনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে মালের সবধেলি মাগু এলাকায় একটি ১০ তলা ভবনের ছাদ থেকে পাশের টিনশেড ভবনের ছাদে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা ও উদ্ধারকারী দল তাকে দ্রুত রাজধানীর ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল বলে চিকিৎসকেরা জানান। পরে শুক্রবার রাত ২টা ২০ মিনিটের দিকে তিনি মৃত্যুবরণ করেন।


হানজালার স্বজনরা জানান, তিনি মাত্র ৭-৮ মাস আগে বৈধভাবে মালদ্বীপে যান এবং একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। দুর্ঘটনার দিন তিনি ভবনের ছাদে গাছের পরিচর্যা করার সময় দড়ি বাঁধতে গিয়ে পা পিছলে পড়ে যান বলে জানা যায়।
পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে মরদেহ দ্রুত দেশে পাঠাতে সহায়তার জন্য সরকারের ও হাইকমিশনের কাছে স্বজনরা অনুরোধ জানিয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

Side banner