Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

এক দিনে মারা গেল সাড়ে ৬ হাজার কোয়েল পাখি


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১০:১৭ পিএম এক দিনে মারা গেল সাড়ে ৬ হাজার কোয়েল পাখি

মুন্সীগঞ্জে অজ্ঞাত রোগে এক দিনে সাড়ে ৬ হাজার কোয়েল পাখির মৃত্যু হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) থেকে রোববার ২৪ ঘণ্টায় সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি মাধ্যচর গ্রামে এই পাখিগুলোর মৃত্যু হয় বলে খামারির দাবি।
জানা যায়, সচ্ছলতার স্বপ্ন নিয়ে কোয়েল পাখির খামার গড়ে তুলেছিলেন মরিয়ম পোল্ট্রি এন্ড কোয়েল পাখি খামারের স্বত্বাধিকারী সুফিয়ান নামে এক খামারি। চাকরির পেছনে না ছুটে নিজ উদ্যোগে প্রথমে ব্রয়লার ও লেয়ার মুরগির খামার করে আশানুরূপ লাভ না হওয়ায় তিনি কোয়েল পালন শুরু করেন। তবে আকস্মিকভাবে অজ্ঞাত রোগে তার খামারে ভয়াবহ এই বিপর্যয় নেমে এসেছে। এতে আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে ৬ লাখ টাকা। ভুক্তভোগী সুফিয়ান স্থানীয় চিনি মিয়ার ছেলে।
সুফিয়ান জানান, তিনি অর্থনৈতিকভাবে অস্বচ্ছল। এনজিওসহ বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়ে কয়েক মাস আগে প্রায় ৮ হাজার কোয়েল বাচ্চা কিনে খামার শুরু করেন। কিছুদিনের মধ্যেই পাখি ডিম দেওয়া শুরু করে। প্রতিদিন ডিম বিক্রি করে তার আয় হতো প্রায় ১২ থেকে ১৩ হাজার টাকা। তিনি, তার পরিবার এবং আরও তিনজন শ্রমিক এই খামারে কাজ করতেন। হঠাৎ এক দিনের মধ্যেই খামারে বিপর্যয় নেমে আসে। পাখিগুলো ঝিমিয়ে পড়তে থাকে এবং প্রতি মিনিটে শত শত পাখি মারা যেতে থাকে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ প্রয়োগ করেও পাখিগুলোকে রক্ষা করা সম্ভব হয়নি। যেগুলো এখনো বেঁচে আছে সেগুলোর অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।
সুফিয়ান আরও বলেন, খামার গড়ে তুলতে তার বিনিয়োগ প্রায় ৯ লাখ টাকা, যার বেশিরভাগই ঋণের। ডিম বিক্রির আয় দিয়ে সেই ঋণ পরিশোধের পরিকল্পনা থাকলেও হঠাৎ এই ক্ষতিতে তিনি চরম দুশ্চিন্তায় পড়েছেন। এখন খামারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন এই উদ্যোক্তা।
এ বিষয়ে বালুচর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আলেক চান সজীব সন্ধ্যা ৬টার দিকে বলেন, খবর পেয়ে আমি নিজেই খামারে গিয়ে দেখি কোয়েল পাখিগুলো মারা আছে। বিষয়টা জানার পর দারুণভাবে মর্মাহত হয়েছি, এই খামারের ওপর নির্ভর ছিল তার গোটা পরিবার। 
সিরাজদিখান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শবনম সুলতানা বলেন, প্রাথমিকভাবে বলতে পারবো না কেন বা কি কারণে মারা যাচ্ছে। সরেজমিনে গিয়ে দেখে তারপর বলা সম্ভব কি কারণ বা কি রোগে আক্রান্ত হয়েছে।

Side banner