Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

দুই দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধা চালু করলো চীন


দৈনিক পরিবার | আন্তর্জাতিক ডেস্ক ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৪:৫৫ পিএম দুই দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধা চালু করলো চীন

যুক্তরাজ্য ও কানাডার নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধা চালু করার ঘোষণা দিয়েছে চীন। দেশটির কর্তৃপক্ষ কানাডা ও যুক্তরাজ্যের নাগরিকরা ভিসা ছাড়াই চীনে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছে।
রবিবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে কানাডীয় ও ব্রিটিশ নাগরিকরা চীনে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন বলে বেইজিংয়ের কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বেইজিংয়ে ওই দুই দেশের নেতাদের সঙ্গে চীনা কর্মকর্তাদের বৈঠকের পর ভিসামুক্ত প্রবেশ সুবিধা চালুর ঘোষণা এসেছে।
এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কানাডা ও যুক্তরাজ্যের সাধারণ পাসপোর্টধারীরা ব্যবসা, পর্যটন, আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ, সৌজন্য বিনিময় কর্মসূচি অথবা ট্রানজিটের উদ্দেশ্যে সর্বোচ্চ ৩০ দিনের জন্য ভিসা ছাড়াই চীনে প্রবেশ করতে পারবেন। এই নীতি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে বেইজিং। 
এর আগে, গত ১৬ জানুয়ারি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর চীনা কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, কানাডীয় নাগরিকদের জন্য ৩০ দিনের ভিসামুক্ত প্রবেশের প্রস্তাবটি সক্রিয়ভাবে পর্যালোচনা করা হচ্ছে। পরদিন ১৭ জানুয়ারি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কানাডার প্রস্তাব এখনও আলোচনাধীন রয়েছে।
কানাডা ও যুক্তরাজ্যের নাগরিকদের জন্য এক মাসের ভিসামুক্ত প্রবেশ সুবিধা চালুর চীনা এই পদক্ষেপকে গত কয়েক বছর ধরে চলা সম্পর্কের দ্বিপাক্ষিক টানাপোড়েনের অবসানের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। ২০১৮ সালে কানাডায় চীনা নাগরিক মেং ওয়ানঝৌ গ্রেপ্তারের পর থেকেই চীন-কানাডা সম্পর্কের অবনতি শুরু হয়। পরবর্তীতে কানাডা হুয়াওয়ের ৫জি সরঞ্জামের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে উত্তেজনা আরও বৃদ্ধি পায়।
বিশ্লেষকরা বলছেন, বেইজিংয়ের এই ভিসা সংক্রান্ত বার্তায় উভয় দেশের সঙ্গে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক স্থিতিশীল করার বিষয়টি পরিষ্কার হয়েছে। তবে কানাডা চীনের নাগরিকদের জন্য পাল্টা কোনও সুবিধা দেবে, সেটি এখনও স্পষ্ট নয়। বর্তমানে চীনা নাগরিকদের কানাডায় পূর্ণ ভিসামুক্ত প্রবেশ সুবিধা চালু নেই। বরং ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) যাচাই ব্যবস্থার মধ্য দিয়ে দেশটিতে চীনা নাগরিকদের যাতায়াত নিয়ন্ত্রিত হয়।
সূত্র: এএফপি।

Side banner