Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

ভ্যালেন্সিয়াকে হারিয়ে বার্সেলোনাকে চাপে রাখল রিয়াল


দৈনিক পরিবার | ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৮:৫৩ এএম ভ্যালেন্সিয়াকে হারিয়ে বার্সেলোনাকে চাপে রাখল রিয়াল

আলভারো কারেরাসের জাদুকরী পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদ ভ্যালেন্সিয়ার মাঠে ২-০ গোলে জিতেছে। এই জয়ে লা লিগার শীর্ষ দল বার্সেলোনার ওপর চাপ ধরে রাখল তারা। কারেরাসের একক প্রচেষ্টার গোলে দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় মাদ্রিদ ক্লাব। মেস্তায়ায় কিলিয়ান এমবাপের ইনজুরি টাইমের গোলে তিন পয়েন্ট সুনিশ্চিত হয়।
এমবাপে চলতি মৌসুমে ২৩তম লিগ গোল করলেন। তাতে ইউরোপের শীর্ষ গোলদাতা বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার হ্যারি কেনের সঙ্গে গোল ব্যবধান একে কমালেন। এই জয়ে আলভারো আরবেলোয়ার দল ২৩ ম্যাচ শেষে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান একে নামিয়েছে। তাতে শিরোপার দৌড়ে শক্ত অবস্থানেই রয়েছে তারা।
এই হারে ভ্যালেন্সিয়ার রেলিগেশন শঙ্কা আরও বেড়েছে। অবনমন অঞ্চল থেকে এক পয়েন্ট উপরে তারা।
রিয়ালের বক্সের মধ্যে বল মেরে ও কয়েকটি কর্নারে শুরুতে চাপ তৈরি করেছিল ভ্যালেন্সিয়া। কিন্তু আরবেলোয়ার দল ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে। ১৯তম মিনিটে দুইবার সুযোগ তৈরি করে তারা। প্রথমে আর্দা গুলারের শট উগো দুরোর গায়ে লাগে এবং পোস্ট ঘেষে বল বাইরে চলে যায়। নয়তো আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ত স্বাগতিকরা।
ওই কর্নার থেকে এমবাপে আড়াআড়ি শটে ভ্যালেন্সিয়া গোলকিপার স্তোল দিমিত্রিয়েভস্কির পরীক্ষা নেন। ফরাসি ফরোয়ার্ডের আরেকটি প্রচেষ্টা দিমিত্রিয়েভস্কির জন্য ঠেকানো খুবই সহজ ছিল। মেসিডোনিয়া গোলকিপারকে ব্যস্ত সময় পার করতে হয়েছে। আধঘণ্টার মাথায় এমবাপের বাড়ানো বলে অভিষিক্ত দাভিদ জিমেনেজের শট রুখে দেন স্বাগতিক কিপার।
তবে ৬৬তম মিনিটে ব্যক্তিগত প্রচেষ্টায় দারুণ এক গোলে রিয়ালকে এগিয়ে দেন কারেরাস। বক্সে ঢুকে তিনজনের চ্যালেঞ্জ উপেক্ষা করে নিচু কোনাকুনি শটে ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে জাল কাঁপান তিনি।
এই লিড স্বল্পস্থায়ী হতে পারত। ৭১তম মিনিটে ভ্যালেন্সিয়া সমতা ফেরানোর দারুণ ষুযোগ পেয়েছিল। ফিলিপ উগরিনিকের ক্রস থেকে ফ্রান বেলট্রান জালে বল পাঠানোর খুব কাছে ছিলেন। কিন্তু অবিশ্বাস্যভাবে বল পোস্টের বাইরে দিয়ে যায়। ভ্যালেন্সিয়া সমতার খোঁজে থাকলেও এমবাপে ৯১তম মিনিটে জয় নিশ্চিত করেন।
ভ্যালেন্সিয়ার অর্ধে জায়গা পেয়ে ব্রাহিম দিয়াজ বাঁ দিক দিয়ে ঢুকে বক্সে বল বাড়ান। এমবাপে সহজেই জাল কাঁপান।
আগের দিন মায়োর্কাকে হারিয়ে বার্সা ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত করেছিল। তবে রিয়াল ৫৭ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে।

Side banner