জাতীয় পর্যায়ের চলচ্চিত্র উন্নয়ন ও প্রশিক্ষণ উদ্যোগ ‘ফিল্ম ফর চেঞ্জ ২০২৬’ শুরু করেছে ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর চলচ্চিত্র বিষয়ক শিক্ষানবিশ কার্যক্রম ‘সিনেমাস্কোপ’ ও অক্সফাম ইন বাংলাদেশ। বাংলাদেশের তরুণ গল্পকারদের যথাযথ ক্ষমতায়ন করা এই আয়োজনের মূল লক্ষ্য।
এর মাধ্যমে নির্মাতারা চলচ্চিত্রের মাধ্যমে সামাজিক ন্যায়বিচার, জলবায়ু সহনশীলতা এবং অর্থনৈতিক বৈষম্যের মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক ও জাতীয় ইস্যুগুলো তুলে ধরার সুযোগ পাবেন। এবারের আয়োজনে মোট ১০টি নির্বাচিত দলকে তাদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য সর্বোচ্চ এক লক্ষ টাকা করে অনুদান দেয়া হবে।
আর্থিক সহায়তার পাশাপাশি অংশগ্রহণকারী নির্মাতারা দেশের প্রথিতযশা চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষকদের নির্দেশনা এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তা পাবেন। এর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল দক্ষতা বিকাশের পাশাপাশি চলচ্চিত্রে গল্প বলার কৌশলগুলো আয়ত্ত করবেন। আগ্রহী চলচ্চিত্র নির্মাতাদের মৌলিক চলচ্চিত্রের সারসংক্ষেপ জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই আয়োজনে অংশ নিতে পারবেন। আবেদন করার জন্য একজন পরিচালক, একজন চিত্রনাট্যকার এবং একজন সম্পাদকের সমন্বয়ে তিন সদস্যের দল গঠন করতে হবে।
চলচ্চিত্র নির্মান প্রস্তাব জমা দেওয়ার শেষ তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২৬। বিস্তারিত নিয়ম ও শর্তাবলি ‘ফিল্ম ফর চেঞ্জ’ ও ‘সিনেমাস্কোপ’–এর ফেসবুক পেজে পাওয়া যাবে। সমাজ ও মানুষেকে বোঝার শিক্ষার্থীদের এই চেষ্টা সামাজিক পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করছেন।








































আপনার মতামত লিখুন :