Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২১ মাঘ ১৪৩২

পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট ‘মানুষকে বিভ্রান্ত করার নাটক’


দৈনিক পরিবার | ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৮:৫৯ এএম পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট ‘মানুষকে বিভ্রান্ত করার নাটক’

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার সিদ্ধান্তে পাকিস্তানের তীব্র সমালোচনা করেছেন সাবেক ভারতীয় স্পিনার হরভজন সিং। বাংলাদেশের সঙ্গে সংহতির মোড়কে রাজনৈতিক নাটকের চেয়ে এটি বেশি কিছু নয় মনে করেন তিনি। এই সিদ্ধান্তের উদ্দেশ্য ও সময় উভয় নিয়েই প্রশ্ন তুলেছেন হরভজন। শেষ মুহূর্তে পাকিস্তানের সিদ্ধান্ত বদলের যে স্বভাব, তেমন কিছু না করে নিজেদের অবস্থানে অটল থাকার চ্যালেঞ্জ ছুড়লেন তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে কথা বলার সময় হরভজন জানান, পাকিস্তানের এমন সিদ্ধান্তের পেছনে কোনো যুক্তি নেই। নীতিগত অবস্থানের চেয়ে গোলমাল তৈরি করার জন্যই এই ঘোষণা। তার মতে, পাকিস্তান যদি সত্যিই তাদের কাজের প্রতি বিশ্বাস রাখে, তাহলে ইউ টার্ন না নিয়ে যেন পরিণতি ভোগ করার জন্য তৈরি থাকে।
উর্দু এক প্রবাদ দিয়ে হরভজন শুরু করেন, ‘বেগানি শাদি মে আব্দুল্লাহ দিওয়ানা (পরের বিয়েতে আব্দুল্লাহ পাগল)। পাকিস্তান সরকার বলেছে যে তাদের দল টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে কিন্তু ভারতের বিপক্ষে খেলবে না। এর পেছনে একেবারেই কোনো যুক্তি নেই। এটি সেই একই পাকিস্তান সরকার এবং একই পিসিবি যারা কিছু সময় পর বলবে যে বিবাদটি আসলে বাংলাদেশের ছিল, আইসিসি নিষেধাজ্ঞা আরোপ করেছিল, এবং আমরা খেলার জন্য ও সমস্যার সমাধান করার জন্য প্রস্তুত ছিলাম। মানুষকে বিভ্রান্ত করার জন্য এটি একটি পূর্ণাঙ্গ নাটক ছাড়া আর কিছুই নয়।’
তিনি আরও বললেন, ‘এ থেকে আপনারা কী সুবিধা পেতে যাচ্ছেন? এটি স্রেফ অহংকার দেখানোর জন্য।’ তার আরও কথা, ‘আপনারা যদি সত্যিই মনে করেন যে আপনারা এমন কিছু করতে পারেন, তবে নিজেদের অবস্থানে অনড় থাকুন। দেখা যাক আপনাদের আসলেই সেই সাহস আছে কি না। বাংলাদেশের পাশে দাঁড়ানোতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনাদের দেশের সেইসব মানুষের কী হবে যারা ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে চায়?’
তার শেষ কথা, ‘এই ম্যাচটি একটি নিরপেক্ষ ভেন্যুতে হওয়ার কথা ছিল এবং আপনাদের সাথে কোনো বিরোধ ছিল না। যখন সম্প্রতি যুদ্ধাবস্থা চলছিল, তখনও আপনারা এশিয়া কাপ খেলেছেন। ট্রফি নিয়ে নাটক হয়েছিল, কিন্তু ম্যাচগুলো ঠিকই হয়েছিল কারণ আপনারা সেই রাজস্ব হাতছাড়া করতে চাননি।’ একই সঙ্গে পাকিস্তানকে তার প্রশ্ন, ‘এই হঠাৎ জেগে ওঠা দেশপ্রেম আগে কোথায় ছিল?’

Side banner