Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

রেখার থেকে পালিয়ে বেড়াত অক্ষয়


দৈনিক পরিবার | বিনোদন ডেস্ক ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৫:১৫ পিএম রেখার থেকে পালিয়ে বেড়াত অক্ষয়

বলিউডে কিছু কিছু গুঞ্জন সময়ের সঙ্গে হারিয়ে গেলেও মাঝেমাঝে ফিরে আসে আলোচনায়। তেমনই এক চর্চিত বিষয় ছিল বলিউডের চিরসবুজ অভিনেত্রী রেখা এবং ‘খিলাড়ি’ অক্ষয় কুমারের সম্পর্ক। যদিও এই গুঞ্জনকে একতরফা বলে উড়িয়ে দিয়েছিলেন অক্ষয়ের তৎকালীন প্রেমিকা রবীনা টন্ডন। তার দাবি ছিল, রেখার হাত থেকে বাঁচতে অক্ষয় নাকি রীতিমতো পালিয়ে বেড়াতেন!
১৯৯৬ সালে ‘খিলাড়িয়ো কা খিলাড়ি’ সিনেমার শুটিংয়ের সময় রেখা ও অক্ষয়ের ঘনিষ্ঠতা নিয়ে বি-টাউনে শোরগোল পড়ে যায়। সেই সময়ে এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন রবীনা। তিনি দাবি করেন, ‘রেখার সঙ্গে অক্ষয়ের কোনো প্রেমের সম্পর্ক ছিল না। উল্টো রেখার থেকে অক্ষয় পালিয়ে বেড়াত।’
রবীনা আরও জানিয়েছিলেন, অক্ষয় শুধুমাত্র পেশাদারিত্বের খাতিরে এবং সিনেমার প্রয়োজনে রেখাকে সহ্য করতেন। রবীনার ভাষ্যমতে, ‘অক্ষয় শুধু রেখাকে হাসিখুশি রাখার চেষ্টা করত যাতে শুটিং ঠিকঠাক চলে। এমনকি রেখা বাড়ি থেকে অক্ষয়ের জন্য খাবার রান্না করে নিয়ে আসতেন। কিন্তু একজনের বোঝা উচিত যে সীমানা কোথায় টানতে হয়।’
সরাসরি রেখাকে উদ্দেশ্য করে সেই সময় রবীনা বলেছিলেন, ‘আপনি নিজের হাঁটুর বয়সী একজনের থেকে কী আশা করেন? সে আপনাকে সন্তুষ্ট করার চেষ্টা করবে? রেখা মানুষ হিসেবে মিষ্টি হতে পারেন, কিন্তু কোথায় থামতে হয় সেটা তার জানা উচিত ছিল।’
এই ত্রিমুখী বিতর্ক নিয়ে অক্ষয় কুমার বা রেখা কেউই কখনো প্রকাশ্যে মুখ খোলেননি। সময়ের স্রোতে রবীনার সঙ্গেও অক্ষয়ের বিচ্ছেদ ঘটে এবং ২০০১ সালে তিনি টুইঙ্কল খান্নাকে বিয়ে করেন।

Side banner