বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সম্ভাব্য নতুন সরকার গঠনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা ও বিশ্লেষণ। সম্ভাব্য মন্ত্রীসভায় কারা স্থান পেতে পারেন তা নিয়ে চলছে চুলচেড়া বিশ্লেষণ। অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা, ত্যাগী রাজনৈতিক ভূমিকা এবং আঞ্চলিক ভূ-রাজনৈতিক ভারসাম্যের বিষয়গুলোকে সামনে রেখে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের অন্তত ৯ জন নেতার নাম আলোচনায় উঠে এসেছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিনভর ময়মনসিংহ অঞ্চলের রাজনৈতিক অঙ্গন, সাধারণ মানুষ ও তৃণমূল নেতাকর্মীদের মধ্যে সম্ভাব্য মন্ত্রীসভা নিয়ে নানা প্রত্যাশা ও আলোচনা লক্ষ্য করা গেছে।
তৃণমূলের আলোচনায় যাদের নাম বেশি শোনা যাচ্ছে তারা হলেন— প্রবীণ রাজনীতিক ও শ্রমিক নেতা মো. নজরুল ইসলাম খান, কারা নির্যাতিত নেতা আব্দুস সালাম পিন্টু, অভিজ্ঞ রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, রশিদুজ্জামান মিল্লাত, শরীফুল আলম, ব্যারিস্টার কায়ছার কামাল, আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এবং তরুণ প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা মো. নজরুল ইসলাম খান টেকনোক্র্যাট কোটায় মূল্যায়িত হতে পারেন।
নেত্রকোনার তেলিগাতী এলাকার বাসিন্দা ও ময়মনসিংহ নটর ডেম কলেজের শিক্ষক মো. আতিকুল বাশার বলেন, নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ, মদন, খালিয়াজুড়ি) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর অতীতে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। অভিজ্ঞতার বিবেচনায় তিনি আবারও মন্ত্রীসভায় স্থান পেতে পারেন।
স্থানীয় বিএনপি নেতারা জানান, অতীতে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল থেকে একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেছেন। এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলে তাদের প্রত্যাশা। আলোচিত নামগুলোর বাইরে থেকেও নতুন কেউ স্থান পেতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।
নগরীর বলাশপুর এলাকার বাসিন্দা ও বিএনপি নেতা আ. মান্নান বলেন, সদরের নতুন এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ছাত্রজীবন থেকেই দলের রাজনীতির সঙ্গে যুক্ত। দলীয় দুর্দিনে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন এবং হামলা-মামলায় কারাবরণ করেছেন। বিভাগীয় শহরের গুরুত্বপূর্ণ আসন থেকে রেকর্ড ভোটে নির্বাচিত হওয়ায় তিনি মন্ত্রীসভায় স্থান পাওয়ার যোগ্য বলে মত দেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ-৪ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, দল ও নবগঠিত সরকারে নেতা তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি বিশ্বাস করেন, দেশের সংকটময় পরিস্থিতি মোকাবেলায় তারেক রহমান সফল নেতৃত্ব দেবেন।
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, জনগণ তাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। তিনি কাজের মাধ্যমে দলের সুনাম রক্ষা করতে চান।
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিটামইন-অষ্টগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান জানান, মন্ত্রীসভা গঠন সাংবিধানিকভাবে দলীয় প্রধানের এখতিয়ার। তার নিজের কোনো ব্যক্তিগত প্রত্যাশা নেই, তিনি দেশের মানুষের কল্যাণকেই অগ্রাধিকার দেন।








































আপনার মতামত লিখুন :