Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

‘আমাদের কমিটমেন্ট অনুযায়ী চাঁদাবাজি বন্ধ হওয়া শুরু করছে’


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১১:১৭ পিএম ‘আমাদের কমিটমেন্ট অনুযায়ী চাঁদাবাজি বন্ধ হওয়া শুরু করছে’

গণঅধিকার পরিষদের সভাপতি, পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ‘আমাদের কমিটমেন্ট অনুযায়ী চাঁদাবাজি বন্ধ হওয়া শুরু করছে।’
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে গলাচিপা উপজেলা মাঠে আয়োজিত এক মতবিনিময় সভা ও গণ-ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যের এক পর্যায়ে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ‘আপনারা নিশ্চয় জানেন,গলাচিপা-দশমিনায় যদি আমি এমপি হতে না পারতাম, অনেকেই এলাকায় থাকতে পারত না। ঘরে ঘরে আগুন জ্বলত, ব্যবসা-বাণিজ্য, দোকানপাটে ভাঙচুর হতো, অনেকের হাসপাতালে থাকতে লাগত। কিন্তু আমরা সংসদ সদস্য হওয়ার পরে এই এলাকার পরিবেশ আগে যেমন ছিল, তার থেকেও ভালো হতে শুরু করেছে। আগামীতে আরও ভালো হবে। আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করি নাই, আর করবও না। আমাদের কমিটমেন্ট অনুযায়ী চাঁদাবাজি বন্ধ হওয়া শুরু করছে, ব্রিজের কাজ শুরু হয়েছে। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই, আমরা ঐক্যের রাজনীতি, সম্প্রীতির রাজনীতি, উন্নয়নের রাজনীতি করতে চাই।’
তিনি আরও বলেন, ‘চরের জমি যেন প্রকৃত কৃষকদের দখলে থাকে এবং হাট-বাজার, লঞ্চঘাট ও খেয়াঘাটে সাধারণ মানুষকে জিম্মি করে কেউ যেন অতিরিক্ত টাকা আদায় করতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থানে থাকবে সরকার।’
তার নির্বাচনী আসনে চাঁদাবাজি হবে না বলে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমখোলা তরমুজ ঘাট ও হরিদেবপুর এলাকায় উন্মুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো ব্যবসায়ীর কাছ থেকে যেন রাজনৈতিক পরিচয়ে চাঁদা বা অনৈতিক সুবিধা নেওয়া না যায়, আমরা উপজেলা প্রশাসনকে সেই নির্দেশনা দিয়েছি।’
মাদকের বিরুদ্ধে নুরুল হক নুর বলেন, ‘মাদক এবং জুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আমরা উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে মাদকের বিরুদ্ধেও শক্ত ব্যবস্থা নিতে চাই।’
যুবকদের কর্মসংস্থানের বিষয়ে নুর বলেন, ‘আমাদের এখানে কোনো যুবক বা তরুণ যেন বেকার না থাকেন, তাদেরকে বিভিন্ন কর্মে কীভাবে যুক্ত করা যায়, সেই পদক্ষেপ ও পরিকল্পনা নিয়েও আমরা আগাব।’
আল্লাহর নিকট শুকরিয়া জানিয়ে নুর বলেন, ‘এই গলাচিপা-দশমিনা যেন আমরা সবাই মিলেমিশে থাকতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন।’
এসময় তার নির্বাচনী আসন গলাচিপা-দশমিনার শত শত মানুষ ও স্থানীয় বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Side banner