Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৪ মার্চ, ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

মনোহরদীতে গুপ্তধন ভেবে গ্রেনেড নিয়ে এলেন বাড়িতে


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার মার্চ ৪, ২০২৬, ০১:০০ পিএম মনোহরদীতে গুপ্তধন ভেবে গ্রেনেড নিয়ে এলেন বাড়িতে

নরসিংদীর মনোহরদীর দিগাকান্দি এলাকায় বিলের পানিতে নেমে শিখা বেগম (বয়স ৩৫) নামের এক নারী একটি পুরোনো গ্রেনেড পেয়েছেন। সোমবার (২ মার্চ) বিকেলে তিনি তার সন্তানকে বিল থেকে তোলার সময় এটি পান। 
স্থানীয়রা জানিয়েছেন, শুকুন্দী ইউনিয়নের দিগাকান্দি এলাকার দুয়ার বিলের পানিতে কিছু শিশুরা মাছ ধরছিল। ওই সময় শিখা বেগম পানিতে নামেন এবং পায়ের নিচে শক্ত কিছু অনুভব করেন। এটি তুলে ধুয়ে তিনি প্রথমে গুপ্তধন বা লোহা ভেবে বাড়িতে নিয়ে আসেন। পরে এলাকার লোকেরা এটিকে গ্রেনেড বলে চিনতে পেরে পুলিশকে খবর দেন।
শিখা বেগম বলেন, আমার বাচ্চারা মাছ ধরতে বিলে যায়। আমি তাদের আনতে বিলের পানিতে নামতেই শক্ত কিছু একটা আমার পায়ে লাগে। পরে তা উঠিয়ে দেখি ভারি লোহার মত কিছু। প্রথমে ভেবেছি গুপ্তধন, পরে ভাবলাম লোহা যেহেতু বাড়ি নিয়ে বিক্রি করতে পারব। এ ভেবেই আমি বাড়ি নিয়ে আসছি, এর চেয়ে বেশি কিছু জানি না। এলাকার কয়েকজন এটাকে গ্রেনেড বলতে থাকে। পুলিশে খবর দিলে তারা এটা নিয়ে যায়।
মনোহরদী থানার ওসি শাহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ গ্রেনেড সদৃশ বস্তুটি উদ্ধার করেছে। এটি হেফাজতে রাখা হয়েছে এবং বোম ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। টিম আসার পর বিস্তারিত তথ্য দেওয়া হবে।
এখন পর্যন্ত বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছায়নি।

Side banner