শাজাহানপুরে আত্মগোপনে থাকা এক স্বেচ্ছাসেবক লীগ নেতার পরিত্যক্ত বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে ওই বাড়িতে মজুত করা আলু, পেঁয়াজ, ধানবীজসহ কিছু পুরোনো আসবাব পুড়ে গেছে। আজ মঙ্গলবার (২৪ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়ড়াদীঘি গ্রামে এই ঘটনা ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িটি জেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আকাশের।
শাজাহানপুর ফায়ার সার্ভিসের লিডার দেলোয়ার হোসেন জানান, ওই বাড়িতে বিদ্যুতের কোনো সংযোগ নেই। পরিত্যক্ত মাটির বাড়িতে আলুসহ বিভিন্ন ফসল মজুত ছিল। তিনি বলেন, ভোর ৪টা ১৩ মিনিটে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
অজ্ঞাত স্থান থেকে আমিনুল ইসলাম আকাশ মোবাইল ফোনে বলেন, ‘রাজনৈতিক শত্রুতা থেকে আমার পরিত্যক্ত বাড়িতে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। আগুনে বিভিন্ন ফসল ও আমার দোকানের কিছু পুরনো আসবাব পুড়ে গেছে। এতে দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিক ইকবাল বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আগুন কীভাবে লেগেছে, তদন্ত শেষে বলা যাবে। এই ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।’







































আপনার মতামত লিখুন :