Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

ইরান যুদ্ধে অংশ নিতে বিশ্বনেতাদের প্রতি নেতানিয়াহুর আহ্বান


দৈনিক পরিবার | আন্তর্জাতিক ডেস্ক মার্চ ২২, ২০২৬, ০৭:০২ পিএম ইরান যুদ্ধে অংশ নিতে বিশ্বনেতাদের প্রতি নেতানিয়াহুর আহ্বান

ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরায়েলি যুদ্ধে বিশ্বনেতাদের সক্রিয় সমর্থন ও যোগদানের প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই যুদ্ধে বিশ্বনেতাদের কেন যোগ দেওয়া উচিত, তার ব্যাখ্যায় নেতানিয়াহু বলেছেন, ইরান কেবল ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের জন্যই নয়, বরং ইউরোপসহ বৈশ্বিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।
রবিবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের ক্ষতিগ্রস্ত এক এলাকা পরিদর্শনে গিয়ে ওই মন্তব্য করেছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে ইরান আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও মধ্যপ্রাচ্যের বাইরের বেসামরিক জনপদকেও বিপদে ফেলছে। তিনি বলেন, ‘‘ইরান পুরো বিশ্বকে বিপন্ন করে তুলছে।’’
ইসরায়েলি এই প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘এখন সময় এসেছে বিশ্বের বাকি দেশগুলোর নেতাদের এই অভিযানে যুক্ত হওয়ার। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, তাদের মধ্যে কেউ কেউ সেই পথে হাঁটতে শুরু করেছেন। তবে আরও জোরালো পদক্ষেপ প্রয়োজন।’’
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র নির্মাণ কেন্দ্র এবং ক্ষমতাসীন সরকারের শীর্ষ নেতাদের লক্ষ্য করে যৌথভাবে বিমান হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে মার্কিন-ইসরায়েলি অভিযানের প্রায় এক মাস পর নেতানিয়াহুর ওই মন্তব্য করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্বের বিষয়টি বারবার উল্লেখ করে যুক্তরাষ্ট্রকে ‘‘আদর্শ মিত্র’’ হিসেবে অভিহিত করেছেন নেতানিয়াহু। একই সঙ্গে ওয়াশিংটনকে এই যুদ্ধে নামতে বাধ্য করেছে ইসরায়েল, এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তিনি।
ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঠেকানোর প্রয়োজনীয়তা বুঝতে পেরে এর আগে ‘‘কয়েক ডজন বিশ্বনেতা’’ ব্যক্তিগতভাবে সমর্থন জানিয়েছিলেন বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু।
সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরায়েল।

Side banner