Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

সূর্যের চোখ রাঙানিতেও ত্বক থাকুক সুন্দর


দৈনিক পরিবার | জীবনযাপন ডেস্ক মার্চ ৩০, ২০২৬, ০১:৫৭ পিএম সূর্যের চোখ রাঙানিতেও ত্বক থাকুক সুন্দর

এই গরমে ত্বক ভালো রাখতে মৌসুমি ফল ও সবজি খেতে হবে। পাশাপাশি পর্যাপ্ত পানি পান করতে হবে। রোদে বের হতে হলে সানস্ক্রিন তো মাখতে হবেই, পাশাপাশি সঙ্গে রাখা চাই ছাতা ও সানগ্লাস। তাহলে সূর্যের চোখরাঙানিতেও আপনি এবং আপনার ত্বক থাকবে চমকদার!
ব্যাপারটা টের পাওয়া যাচ্ছে ভালোই। নববর্ষ আসার আগে দীর্ঘ দগ্ধ দিন পার করতে হচ্ছে। দুপুরের রোদে পুড়ে বাড়ি ফিরে প্রাণ যেমন ওষ্ঠাগত, তেমনি ত্বকও নাজেহাল। সূর্যের অতিবেগুনি রশ্মির সংস্পর্শে আসার কারণে ত্বকে রোদে পোড়া দাগের পাশাপাশি জ্বালাপোড়া ও র‌্যাশের মতো সমস্যাও দেখা দিচ্ছে।
এ সমস্যা বিষয়ে কসমেটোলজিস্ট ও শোভন মেকওভারের স্বত্বাধিকারী শোভন সাহা বলেন, ‘আমরা একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত সূর্যালোক সহ্য করতে পারি। মাত্রা ছাড়িয়ে গেলে ত্বকে প্রতিক্রিয়া হবেই।’ 


তিনি আরও জানান, এখনো অনেকে সানস্ক্রিনের ব্যবহার সম্পর্কে সচেতন নন। সচেতন নন রোদ থেকে বাড়ি ফিরে ত্বকচর্চা করার ব্যাপারেও। ফলে রোদের তাপ থেকে ত্বক নানা সমস্যায় ভুগতে পারে গ্রীষ্ম আসার আগেই।
■ রোদের প্রকোপে ত্বকের সমস্যা
মাঝে মাঝে রোদে বের হলে ত্বকে যে ট্যান পড়ে, তাকে বলা হয় ইমিডিয়েট পিগমেন্ট ট্যানিং। অন্যদিকে যাঁরা প্রতিদিন রোদে বের হন, তাঁদের দীর্ঘমেয়াদি ট্যানিং হয়। মনে করুন, প্রতিদিন সকালে এক ঘণ্টা রোদে পুড়তে হচ্ছে কোনো কারণে। হয়তো বাসে রোদেই বসে আছেন বা কোনোভাবে অফিসে যাচ্ছেন। এভাবে টানা কিছুদিন চলতে থাকলে ত্বকে অ্যালার্জি, ট্যান, র‌্যাশ হবেই। ত্বকের সুরক্ষা ও নিয়মিত যত্ন না নিলে এই সমস্যাগুলো আরও প্রকট হবে। ত্বকের অসমান রং তো দৃশ্যমান হবেই, পাশাপাশি চামড়া পুরু ও খসখসে হয়ে উঠবে। দীর্ঘ মেয়াদে ত্বকের ক্যানসারও হতে পারে।


■ প্রতিকারের উপায়
শোভন সাহা বলেন, ‘গরম পড়েই গেছে। এ সময় খাবারের তালিকায় নানা ধরনের শাকসবজি রাখতে হবে। সূর্যালোক থেকে ত্বক বাঁচাতে সঠিক পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট ও বিটা ক্যারোটিনসমৃদ্ধ খাবার খেতে হবে।’ তা ছাড়া এখন থেকে পর্যাপ্ত পানি পানের দিকে নজর দিতে বলেন তিনি। এতে রোদে বের হতে হলেও ত্বক ভালো থাকবে।
■ সানস্ক্রিন মাখার আদবকেতা
রোদে বের হলে সানস্ক্রিন মাখতে হবে। পরিচ্ছন্ন ত্বকে সানস্ক্রিন মাখার ১০ থেকে ১৫ মিনিট পরে বাইরে বের হওয়া ভালো। প্রতি দুই ঘণ্টা অন্তর ত্বক পরিষ্কার করে পুনরায় সানস্ক্রিন মাখারই নিয়ম প্রচলিত। তাই সানস্ক্রিন সঙ্গে রাখার বিকল্প নেই। রৌদ্রোজ্জ্বল দিনে বাইরে বের হলে যত কম মেকআপ করা যায়, ততই ভালো বলে মনে করেন শোভন সাহা। কারণ কিছু কিছু মেকআপ পণ্য ত্বককে সূর্যের আলোর প্রতি সংবেদনশীল করে তুলতে পারে। ফলে রোদে বের হলে ত্বকে র‌্যাশ হতে পারে। আবার বাইরে থেকে ফিরে ভালোভাবে মেকআপ তুলে ত্বক উপযোগী ময়শ্চারাইজার দিতে হবে।


■ সঠিক সানস্ক্রিন বেছে নেবেন যেভাবে
সানস্ক্রিন ইউভিএ এবং ইউভিবি প্রোটেকটেড কি না তা দেখে নিতে হবে। আমরা যে এসপিএফের কথা বলি, সেটা কেবল ইউভিবি প্রোটেকশন বোঝায়। ইউভিএ প্রোটেকশন বোঝায়, পিএ প্লাস প্লাস। অন্তত ট্রিপল প্লাস (পিএ+++) হতে হবে সানস্ক্রিনকে। এসপিএফ বা সান প্রোটেকশন ফ্যাক্টর কমপক্ষে ৩০ হতে হবে, ৫০ হলে আরও ভালো। ৫০ এসপিএফসমৃদ্ধ সানস্ক্রিন সূর্যালোক থেকে ত্বক সুরক্ষিত রাখে ৯৮ দশমিক ৯ শতাংশ।


■ রোদে পোড়া ত্বক আরাম দিতে
সূর্যালোক থেকে ত্বকের যে ক্ষতি হয়, তা সারাতে কিছু ঘরোয়া টোটকা মেনে চলতে পারেন। এই যেমন টক দই ব্যবহারে সানট্যান কমে আবার ত্বকও আরাম পায়। টক দই ফেটিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। প্রতিদিন গোসলের ১৫ মিনিট আগে এভাবে যত্ন নিলে ত্বকের ক্ষতি ধীরে ধীরে সেরে উঠবে। মধুর সঙ্গে পরিমাণমতো পানি মিশিয়ে মুখে লাগাতে পারেন। গ্রিন টি-তে তুলা ডুবিয়ে ত্বকের পোড়া দাগের ওপর বুলিয়ে নিলেও আরাম পাওয়া যায়।

Side banner