Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

পরাজিত জামায়াত প্রার্থীর অফিসে ফুল নিয়ে গেলেন বিএনপির এমপি


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৩:২৫ পিএম পরাজিত জামায়াত প্রার্থীর অফিসে ফুল নিয়ে গেলেন বিএনপির এমপি

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপির ধানের শীষ প্রতীকে বিজয়ী মো. আবুল কালাম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সৈয়দ এ.কে.এম. সরওয়ার সিদ্দিকীর অফিসে ফুল ও মিষ্টি নিয়ে গেছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতারের পর লাকসাম বাইপাস এলাকায় লাকসাম ডায়াগনস্টিক সেন্টারে অবস্থিত ড. সরওয়ার সিদ্দিকীর অফিসে যান সংসদ সদস্য আবুল কালাম। এ সময় উভয় নেতার মধ্যে ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়। বিজয়ী ও পরাজিত- দুই প্রার্থীর এমন সৌহার্দ্যপূর্ণ আচরণকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। 
এ বিষয়ে নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম বলেন, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা নয়। লাকসাম-মনোহরগঞ্জের মানুষ আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন এই এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য। লাকসাম-মনোহরগঞ্জ হবে দেশের অন্যতম শান্তিপূর্ণ জনপদ; সেই লক্ষ্যেই আমি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অফিসে গিয়েছি।
জামায়াতে ইসলামীর প্রার্থী সৈয়দ এ কে এম সরওয়ার সিদ্দিকী বলেন, নবনির্বাচিত সংসদ সদস্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমার পক্ষ থেকে তাকে ধন্যবাদ। ইতিবাচক রাজনীতিতে এটি একটি মাইলফলক হয়ে থাকবে।

Side banner