Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২

গণমাধ্যমের অভিভাবক হওয়ার দায়িত্ব আমার: তথ্যমন্ত্রী


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৭:২১ পিএম গণমাধ্যমের অভিভাবক হওয়ার দায়িত্ব আমার: তথ্যমন্ত্রী

ভয়ভীতিমুক্ত সাংবাদিকতার পরিবেশ এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেছেন, তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আমার দায়িত্ব হচ্ছে সরকারের সব পরিকল্পনা জাতির সামনে তুলে ধরা। এটা একার পক্ষে করা সম্ভব নয়। গণমাধ্যম করবে। কোনও পরিকল্পনাই বাস্তবায়ন হবে না, যদি গণমাধ্যমকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে কাজ করতে দেওয়া না হয়। সেজন্য আমি গণমাধ্যমের দায়িত্ব নিয়েছি। গণমাধ্যমের অভিভাবক হওয়ার দায়িত্ব আমার।
শনিবার বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, একটি দেশের গণতন্ত্র চলতে পারে না, যদি সেই দেশে স্বাধীন গণমাধ্যম না থাকে। আবার গণমাধ্যম স্বাধীনতা চর্চা করতে পারে না, যদি জবাবদিহিতা না থাকে। সেই কারণেই স্বাধীনতার জন্য জবাবদিহিতাকে নিশ্চিত করব। এই পথেই গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করব। সেইভাবে জাতির সব চিত্রকে উন্মোচন করবে গণমাধ্যম।
“সাংবাদিকতা একটি স্বতন্ত্র পেশা। এই পেশার সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো সমস্যা, সংকট বা বিরোধ সাংবাদিকতার নিজস্ব কাঠামো ও নীতিমালার মধ্যেই সমাধান হওয়া প্রয়োজন। এর বাইরে অন্য কোনো প্রশাসনিক বা মন্ত্রণালয়ভিত্তিক হস্তক্ষেপ হলে পেশাগত স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থাকে।”
এ সময় গণমাধ্যমের সঙ্গে সরকারের সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ হিসেবে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই ভূমিকা পালনের ক্ষেত্রে সাংবাদিকদের কিছু বাস্তব সমস্যা রয়েছে। সেগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
সাংবাদিকদের আর্থিক ও পেশাগত নিরাপত্তার বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, ওয়েজ বোর্ডকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। দ্রুত সময়োপযোগী করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে।
জোয়ার-ভাটার পানি নদী থেকে কৃষকের জমি পর্যন্ত নেওয়ার পরিকল্পনার কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা আমাদের আছে। যাতে কৃষি উৎপাদনে পানির অভাব যাতে না ঘটে। নৌ-বন্দরগুলোকে রাজনীতির সঙ্গে যুক্ত করার একটি পরিকল্পনা আছে। পায়রা বন্দরকে রাজধানীর সঙ্গে যুক্ত করতে আমাদের গুরুত্ব সহকারে কাজ করতে হবে। ভাঙ্গা থেকে পায়রা পর্যন্ত চার লেনের রাস্তার কাজ শুরু করতে নতুন করে প্রক্রিয়া শুরু করতে হবে।
জহির উদ্দিন স্বপন বলেন, ভোলার গ্যাস যদি পরিপূর্ণভাবে উত্তোলন করা যায়, তাহলের শুধু দক্ষিণাঞ্চলেই নয়, সারাদেশের চাহিদা পূরণ করা করতে পারব। ভোলা একটি দ্বীপ জেলা। এখানের উত্তোলিত গ্যাস সরবরাহ করার একটি সমস্যা আছে। এই কারণে ভোলা-বরিশাল সেতু এবং গ্যাস সরবরাহের নেটওয়ার্ক- এই দুটোকে আমরা একভাবে নিয়ে চিন্তা-ভাবনা করছি।
তিনি বলেন, ১৮০ দিনের একটি পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। শিগগির এটার প্রচার শুরু করা হবে। প্রথম ১৮০ দিনের কাজ কী কী হতে পারে। যেটা বাস্তবায়নযোগ্য, এমন একটি পরিকল্পনা আমরা করব। ১৮০ দিনের পরবর্তী পরিকল্পনাগুলো আমরা সুদূরপ্রসারী করব। আশু করণীয় ও সুদূরপ্রসারী করণীয় নির্ধারণ করব।
“তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী আমরা ধীরে ধীরে একটি নতুন বাংলাদেশ গড়তে এগিয়ে যাব। পরিকল্পনা অনুযায়ী, আমরা নারী জনগোষ্ঠীর ক্ষমতায়ন করতে চাই। সেই কারণে ফ্যামিলি কার্ডের পরিকল্পনা করেছি। আশা করি, এই মাসের মধ্যেই ফ্যামিলি কার্ড বণ্টনের কাজ শুরু করা হবে।”

Side banner