Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৪ মার্চ, ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ল ৩ মাস


দৈনিক পরিবার | প্রবাস ডেস্ক মার্চ ৪, ২০২৬, ০৮:২৯ পিএম কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ল ৩ মাস

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের ফলে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে কুয়েতে অবস্থানরত এবং কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের জন্য বড় স্বস্তির খবর দিয়েছে দেশটির সরকার। বর্তমান ব্যতিক্রমী পরিস্থিতি বিবেচনা করে কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ অতিরিক্ত ৩ মাস এবং কুয়েতে অবস্থানরত ভিজিট ভিসাধারীদের মেয়াদ ১ মাস বাড়ানো হয়েছে।
বুধবার (৪ মার্চ) কুয়েতের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায়।
বিবৃতিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে মেয়াদোত্তীর্ণ বা মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া সব ধরনের ভিজিট এন্ট্রি ভিসার মেয়াদ গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর করে এক মাসের জন্য বৃদ্ধি করা হয়েছে। এই প্রক্রিয়াটি ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। ফলে সেবাগ্রহীতাদের আবাসিক বিভাগগুলোতে (রেসিডেন্সি অ্যাফেয়ার্স) সশরীরে যাওয়ার প্রয়োজন নেই। এ ছাড়া বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই সময়ের জন্য নির্ধারিত ফি এবং এর ফলে সৃষ্ট জরিমানা থেকে সবাইকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। 
অন্যদিকে, যারা ছুটিতে বর্তমানে কুয়েতের বাইরে অবস্থান করছেন এবং যাদের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা হওয়ার পথে, তাদের ভিসার মেয়াদ ৩ মাস বাড়ানো হয়েছে। তাদেরকে ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ৩ মাসের অনুপস্থিতির অনুমতি প্রদান করা হবে এবং কোনো ধরনের ফি ছাড়াই এটি নবায়ন হয়ে যাবে।
মন্ত্রণালয় আরও নিশ্চিত করেছে, আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তনের ওপর নির্ভর করে প্রয়োজনে উল্লেখিত সময়কাল আরও বাড়ানো হতে পারে।

Side banner