Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

বিশ্বকাপ হারের পর নিউজিল্যান্ডের স্কোয়াডে ৩ নতুন মুখ


দৈনিক পরিবার | ক্রীড়া ডেস্ক মার্চ ১১, ২০২৬, ০২:১০ এএম বিশ্বকাপ হারের পর নিউজিল্যান্ডের স্কোয়াডে ৩ নতুন মুখ

আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হেরে স্বপ্নভঙ্গ হয়েছে নিউজিল্যান্ডের। এবার তাদের তাদের চোখ ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দিকে। যার জন্য স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিক কিউইরা। অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার টম ল্যাথাম আবারও নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলে ফিরেছেন। মিচেল স্যান্টনার সিরিজের শেষ দুই ম্যাচে বিশ্রামে গেলে নেতৃত্ব দেবেন ল্যাথাম।
আগামী ১৫ মার্চ মাউন্ট মঙ্গানুইতে প্রথম টি-টোয়েন্টি দিয়ে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার এই সিরিজ শুরু হবে। এর আগে ল্যাথাম সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ২০২৩ সালের এপ্রিল মাসে। সম্প্রতি তিনি ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশে ক্যান্টারবারি কিংসের সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন। 
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিউজিল্যান্ড দলের আটজন ক্রিকেটার আসন্ন সিরিজের স্কোয়াডে রয়েছেন। তাদের মধ্য থেকে ডেভন কনওয়ে এবং লকি ফার্গুসান প্রথম তিন ম্যাচ খেলে দল ছাড়বেন। অন্যদিকে কাইল জেমিসন, কোল ম্যাকনচি, জিমি নিশাম, বেন সিয়ার্স এবং ইশ সোধি পুরো সিরিজে খেলবেন। ভারত ও শ্রীলঙ্কা সফরের পর খেলোয়াড়দের ওয়ার্কলোড কমানোর জন্য পাঁচ ম্যাচে কার্যত দুইটি ভিন্ন স্কোয়াড ব্যবহারের পরিকল্পনা করেছে নিউজিল্যান্ড।
এ ছাড়া প্রোটিয়াদের বিপক্ষে এই সিরিজে নতুন করে তিন ক্রিকেটার ডাক পেয়েছেন। প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সুযোগও পেতে পারেন কাটেন ক্লার্ক, নিক কেলি ও জেইডেন লেনক্স। এর মধ্যে ক্লার্ক ও লেনক্স শেষ দুই ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে। ক্লার্ক সুপার স্ম্যাশে ৪৩১ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন এবং তার দল নর্দার্ন ব্রেভ ঘরোয়া টি-টোয়েন্টি লিগের শিরোপা জেতে। কনওয়ে তৃতীয় ম্যাচের পর চলে গেলে শেষ দুই ম্যাচের জন্য স্কোয়াডে যোগ দেবেন উইকেটকিপার ড্যান ক্লেভার। তিনি সর্বশেষ ২০২৩ সালে জাতীয় দলে খেলেছিলেন।
এদিকে, জশ ক্লার্কসন, জ্যাক ফকস, বেভন জ্যাকভস ও টিম রবিনসন পুরো সিরিজে থাকবেন। ক্লার্কসন ২০২৪ সালের পর প্রথমবার আবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরেছেন। চোটের কারণে এই সিরিজে নেই মাইকেল ব্রেসওয়েল, অ্যাডাম মিলনে, উইল ও’রুর্ক ও ব্লেয়ার টিকনার। এ ছাড়া বিশ্বকাপের পর বিশ্রামে থাকছেন ফিন অ্যালেন, মার্ক চাপম্যান, জ্যাকব ডাফি, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র ও টিম সেইফার্ট। পেসার ম্যাট হেনরি নবজাতক সন্তানের সঙ্গে সময় কাটাতে সিরিজে থাকছেন না।
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা মাত্র তিনজন ক্রিকেটার রয়েছেন। বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল তাদের।

Side banner