Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০১ মার্চ, ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

ঘরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ, স্বামী পলাতক


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার মার্চ ১, ২০২৬, ০৩:৩৮ পিএম ঘরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ, স্বামী পলাতক

জয়পুরহাটের কালাই উপজেলায় পারিবারিক কলহ ও পরকীয়া সংক্রান্ত সন্দেহের জেরে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। 
শনিবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের এলতা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের স্বামী আব্দুল বাকি পলাতক রয়েছেন।
নিহত গৃহবধূর নাম খালেদা বিবি (৩০)। তিনি ওই গ্রামের আব্দুল খালেকের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার  পরিদর্শক (তদন্ত) দীপেন্দ্র নাথ সিংহ।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পরকীয়া নিয়ে একে অপরের প্রতি সন্দেহ ছিল। এই বিষয়টিকে কেন্দ্র করে তাদের সংসারে নিয়মিত ঝগড়া-বিবাদ লেগে থাকত। গত শনিবার বিকেলে আব্দুল বাকি তার স্ত্রীর স্বর্ণের চেইন ও মোবাইল ফোন কেড়ে নেন। পরবর্তীতে স্থানীয় গ্রামবাসীর হস্তক্ষেপে একটি সালিশি বৈঠকের মাধ্যমে সেগুলো খালেদা বিবিকে ফেরত দেওয়া হয়।
ঘটনার রাতে সেহেরির সময় বাড়িতে থাকা দুইজন মৌসুমি শ্রমিক আব্দুল বাকিকে ডাকতে গেলে তিনি তড়িঘড়ি করে ঘর থেকে বের হয়ে পালিয়ে যান। পরে ঘরের ভেতরে বিছানায় খালেদা বিবির গলায় ওড়না পেঁচানো অবস্থায় পড়ে থাকতে দেখে শ্রমিকরা চিৎকার শুরু করেন। স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেন।
পুলিশ পরিদর্শক দীপেন্দ্র নাথ সিংহ বলেন, নিহতের গলায় ওড়না পেঁচানো ছিল। এটি হত্যা করার ঘটনা। প্রাথমিকভাবে জানা গেছে স্বামী-স্ত্রী উভয়কে পরকীয়া নিয়ে সন্দেহ করতো। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এ ব্যপারে আমরা আইনগত ব্যবস্থা নেব।

Side banner