Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১২ চৈত্র ১৪৩২
অপমানে মায়ের মৃত্যু

চোর সন্দেহে যুবককে না পেয়ে বাবা-মাকে মারধরের অভিযোগ


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার মার্চ ২৬, ২০২৬, ০৮:৩০ পিএম চোর সন্দেহে যুবককে না পেয়ে বাবা-মাকে মারধরের অভিযোগ

জামালপুর সদর উপজেলায় গরু চোর সন্দেহে এক যুবককে ধরতে গিয়ে না পেয়ে তার বাবা-মাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। ওই ঘটনার অপমানে যুবকের মা জোসনা বানু (৪৫) আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলার কেন্দুয়া ইউনিয়নের খলিলহাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জোসনা বানু ওই এলাকার সুরুজ্জামানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার খলিলহাটা এলাকায় কেন্দুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নায়েব আলীর বোনজামাইয়ের বাড়িতে গরু চুরির চেষ্টা হয়। পরে রাত প্রায় ৩টার দিকে ইউপি সদস্য নায়েব আলীর নেতৃত্বে কয়েকজন প্রতিবেশী সুরুজ্জামানের বাড়িতে গিয়ে তার ছেলে সুজন মিয়াকে চোর সন্দেহে ধরতে যান।
তবে সুজনকে না পেয়ে তার বাবা সুরুজ্জামান ও মা জোসনা বানুকে নায়েব আলীর বোনজামাইয়ের বাড়িতে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনায় গ্রামে সালিস বসে। সেখানে ওই এলাকার তোতা মিয়া ও সোহেল রানা নামে আরো দুজনকে চোর সন্দেহে ধরে আনা হয়। পরে ওই দুই যুবকসহ সুরুজ্জামান ও তার স্ত্রী জোসনা বানুকে মারধর করা হয়। এ ঘটনার নির্যাতন ও অপমান সহ্য না করতে পেরে বাড়িতে ফিরে জোসনা বানু আত্মহত্যা করেন।
এদিকে অভিযুক্ত ইউপি সদস্য নায়েব আলীর নেতৃত্বে নিহতের স্বামীসহ তিনজনকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আটকে রাখা হয়।
নিহতের ভগ্নিপতি মোজাফ্ফর জানান, সকালে এসে তিনি সালিসে চারজনকে মারধরের ঘটনা দেখেন। বিষয়টি জানাতে থানায় যাওয়ার পর ফিরে এসে জোসনা বানুর আত্মহত্যার খবর পান।
অভিযুক্ত ইউপি সদস্য নায়েব আলী বলেন, বিষয়টি সমঝোতার জন্যই তাদের ডাকা হয়েছিল। সালিসে মারধরের অভিযোগ সঠিক নয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। ইউনিয়ন পরিষদে যাদের আটকে রাখা হয়েছিল, পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

Side banner