Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

চাল চুরির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর ইউপি সদস্যের হামলা


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার এপ্রিল ২, ২০২৬, ১০:১৪ এএম চাল চুরির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর ইউপি সদস্যের হামলা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নে আলোচিত ভিজিএফের চাল চুরির ঘটনায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা যায়, বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টার দিকে বহরা ইউনিয়ন পরিষদের সামনে কলেজ রোডে বেলাল ডাক্তারের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক মুজাহিদ মসি, যিনি আরটিভি ও দৈনিক কালবেলার মাধবপুর প্রতিনিধি হিসেবে কর্মরত।
মুজাহিদ মসি জানান, বহরা ইউনিয়নের চাল চুরির ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ ও ভিডিও নিউজ প্রচারের পর থেকেই অভিযুক্ত ইউপি সদস্য এনামুল হক ফয়সল তার প্রতি ক্ষুব্ধ ছিলেন। এরই ধারাবাহিকতায় প্রকাশ্যে তার ওপর হামলা চালানো হয়। এ সময় গ্রাম পুলিশ সদস্যরা সামনে দাঁড়িয়ে ছিল।  হামলার সময় তাকে মারধর ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। পরে স্থানীয়দের সহায়তায় তিনি ঘটনাস্থল থেকে রক্ষা পান।
এ ঘটনায় অভিযুক্ত এনামুল হক ফয়সলের নাম উল্লেখ করে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযুক্ত ইউপি সদস্য এনামুল হক ফয়সল এ বিষয়ে বলেন, সাংবাদিকের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে, তবে ভুল সংবাদ প্রচারের কারণেই পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় ক্ষোভ বিরাজ করছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাসেম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, অভিযুক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অনিয়ম, প্রকল্পের অর্থ আত্মসাৎ, মাদক সংশ্লিষ্টতা ও চাল চুরির অভিযোগ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Side banner