Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

নারী ও এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জাইমা রহমান


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১০:৫০ পিএম নারী ও এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জাইমা রহমান

পবিত্র রমজানের প্রথম দিনে এতিম শিশু এবং অসহায় নারীদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ভাসানটেক এলাকায় তিনি উপস্থিত হয়ে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সময় কাটান এবং তাদের সঙ্গে বসে ইফতার করেন। 
পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার ১৪টি এতিমখানা এবং হিফজ মাদ্রাসায় পুরো মাসজুড়ে ইফতার, রাতের খাবার ও সেহরি সরবরাহের একটি বিশেষ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জাইমা রহমানের ব্যক্তিগত তদারকিতে পরিচালিত এই কর্মসূচির অংশ হিসেবেই তিনি আজ সরাসরি ভাসানটেকে উপস্থিত হন। 


ইফতারের আগের সময়টিতে জাইমা রহমান এতিম শিশুদের পাশে বসে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাদের খোঁজখবর নেন। তিনি শিশুদের পড়াশোনা ও ভবিষ্যতের স্বপ্ন নিয়ে কথা বলেন এবং তাদের বিভিন্ন ছোট ছোট প্রশ্ন ও কৌতুহল মনোযোগ দিয়ে শোনেন। পরে তিনি ইফতার মাহফিলে আসা বয়স্ক নারীদের কাছে যান এবং তাদের শারীরিক অবস্থা ও অভাব-অভিযোগের কথা শোনেন। প্রবাসে পড়াশোনা শেষে দেশে ফেরার পর জাইমা রহমানের এমন জনহিতকর কাজে অংশগ্রহণ সাধারণ মানুষের নজর কেড়েছে।
ইফতারের পূর্ব মুহূর্তে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। এরপর আজানের সঙ্গে সঙ্গে জাইমা রহমান শিশুদের পাতে ইফতার তুলে দেন এবং নিজেও তাদের সঙ্গে বসে একসঙ্গে ইফতার করেন। কোনো ধরনের প্রটোকল বা আড়ম্বর ছাড়াই দেশের শীর্ষ পরিবারের এক সদস্যকে পাশে পেয়ে এতিম শিশুরা আবেগাপ্লুত হয়ে পড়ে। উপস্থিত নারীরা জাইমা রহমানের এই মানবিক আচরণের প্রশংসা করেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

Side banner